Loading...

সোভিয়েত ইউনিয়নের পতনে ট্যাক্সিও চালাতে হয়েছে পুতিনকে

| Updated: December 14, 2021 13:37:14


ছবি: ইউটিউব ভিডিও ছবি: ইউটিউব ভিডিও

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে নিজের দুঃখের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, সেই সময় বাড়তি আয়ের জন্য তাকে ট্যাক্সি চালক হিসাবেও কাজ করতে হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার কারণে তখন রাশিয়ার অনেককেই অর্থ আয়ের জন্য নতুন পথ ধরতে হয়েছিল।

পুতিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াকে ঐতিহাসিক রাশিয়ার পতন বলে বর্ণনা করেছেন। রোববার 'রাশিয়া, সর্বশেষ ইতিহাস' নামে প্রচারিত এক তথ্যচিত্রে তিনি এমন মন্তব্য করেন।

পুতিনের এই মন্তব্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেইনকে ঘিরে তার বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা আরও উস্কে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইন সীমান্তে ৯০ হাজারের বেশি সেনা সমাবেশ করেছে রাশিয়া। ইউক্রেইনে রাশিয়া আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তার মধ্যেই পুতিন ওই মন্তব্য করলেন।

রাশিয়া অবশ্য এই আশঙ্কা উড়িয়ে দিয়ে ইউক্রেইনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে এবং পূর্বাঞ্চলে যাতে নেটো জোটের বিস্তার না ঘটে সেই নিশ্চয়তা দাবি করেছে।

তথ্যচিত্রে পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে বলেন, “এটি ছিল সোভিয়েত ইউনিয়ন নামে ঐতিহাসিক রাশিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তখন পশ্চিমারা ভেবেই নিয়েছিল যে, রাশিয়ার আরও টুকরো টুকরো হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।”

পুতিন যে সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘ট্র্যাজেডি’ হিসেবে দেখেন সেটি সবারই জানা। কিন্তু ওই সময় ব্যক্তিগতভাবে তিনি কী ধরনের সমস্যায় পড়েছিলেন, সেই তথ্য একেবারে নতুন।

সেইসব দিনের কথা স্মরণ করে পুতিন বলেন, “কখনও কখনও আমাকে বাড়তি অর্থ রোজগার করতে হতো। তখন ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে আমি বাড়তি কিছু অর্থ আয় করতাম। সত্যি কথা বলতে, এ বিষয়ে কথা বলাটা অস্বস্তিকর। কিন্তু দুর্ভাগ্যবশত এটিই ছিল ঘটনা।”

সেই সময় রাশিয়ায় ট্যাক্সি তেমন দেখা যেত না। তখন যাদের ব্যক্তিগত গাড়ি ছিল, তাদের অনেকেই অপরিচিত মানুষদের পরিবহন সেবা দিতেন। এতে তাদের বাড়তি আয় হতো। এমনকী ওই সময় কেউ কেউ অ্যাম্বুলেন্সের মতো যানবাহনকেও ট্যাক্সি হিসেবে ব্যবহার করে আয় করতেন।

সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর সংস্থা কেজিবি-র একজন সাবেক এজেন্ট হিসেবে পরিচিত ভ্লাদিমির পুতিন। তবে ৯০ এর দশকের শুরুতে তিনি সেন্ট পিটার্সবার্গের মেয়র অ্যানাতোলি সোবচাকের কার্যালয়ে চাকরি করতেন।

পুতিন বরাবরই বলে এসেছেন, ১৯৯১ সালের অগাস্টে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের পর তিনি পদত্যাগ করেন। ওই অভ্যুত্থানের পরপরই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল।

Share if you like

Filter By Topic