Loading...

সুন্দরবনের কাছে ডুবন্ত জাহাজ থেকে ১০ জনকে উদ্ধার

| Updated: October 09, 2021 19:47:28


সুন্দরবনের কাছে ডুবন্ত জাহাজ থেকে ১০ জনকে উদ্ধার

বঙ্গোপসাগরের সুন্দরবনের জেফোর্ড পয়েন্টে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার প্রথম প্রহরে 'এমভি বিউটি অব লোহাগড়া-২’ নামের লাইটার জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথরবোঝাই লাইটার জাহাজটি খুলনায় যাচ্ছিল। জেফোর্ড পয়েন্ট থেকে দুই নটিক্যাল মাইল দূরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্ট গার্ডকে জানায়।

এরপরেই বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জাহাজটির ১০ জন ক্রুকে রাত ১টার দিকে জীবিত উদ্ধার করে। 

পরে তাদের দুবলার চরে এনে খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে কোস্ট গার্ড জানায়।

Share if you like

Filter By Topic