ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধ এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মারা গেছেন, যার স্ত্রীও মারা একই ঘটনায় যান প্রায় এক মাস আগে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্র মজুমদার (৬০)।
ওই আগুনেই দগ্ধ হয়ে গত ১৮ জানুয়ারি মারা যান বঙ্কিমচন্দ্রের স্ত্রী স্কুলশিক্ষক মনিকা রানী মজুমদার।
গত বছরের ২৪ ডিসেম্বর গভীর রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগে। ওই লঞ্চে প্রায় ৮০০ যাত্রী ছিল। তাদের মধ্যে ছিলেন বরগুনার ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্র মজুমদার ও তার স্ত্রী বরগুনা গগন মেমোরিয়াল স্কুলের শিক্ষিক মনিকা।
স্বজনরা জানান, উদ্ধারের পর এই দুজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বঙ্কিম মজুমদারের শ্যালক প্রভাষক প্রদীপ কুমার জানান, গণিতের কৃতি শিক্ষক বঙ্কিম চন্দ্র ২৩ ডিসেম্বর রাতে অভিযান-১০ লঞ্চে স্ত্রীসহ ঢাকা থেকে বরগুনা আসছিলেন। তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে স্নাতকে (সম্মান) এবং ছোট ছেলে এইচএসসিতে অধ্যায়নরত।
শুক্রবার তার মৃতদেহ বরগুনার ফুলঝুড়ি গ্রামে এসে পৌঁছানোর কথা; সেখানে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
অভিযান-১০ এর অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত লোকের প্রাণহানি হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
