সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে


FE Team | Published: August 31, 2021 11:00:15 | Updated: August 31, 2021 19:50:33


প্রতিনিধিত্বশীল ছবি

চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকার চালান দেশে পৌঁছেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে।

এ নিয়ে সিনোফার্মের মোট এক কোটি ৪৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স কর্মসূচির আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

চীন সরকারের উপহার হিসেবে ১২ মে পাঁচ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা আসে।

এরপর ৩ জুলাই রাতে সিনোফার্মের ১০ লাখ এবং ৪ জুলাই সকালে ১০ লাখ ডোজ টিকা আসে।

১৭ জুলাই রাতে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ২৯ এবং ৩০ জুলাই সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা এসেছে।

এরপর ১০ অগাস্ট ১৭ লাখ, ১২ অগাস্ট ১৭ লাখ, ১৩ অগাস্ট ১০ লাখ ডোজ টিকা এসেছে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোফার্ম ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে দেশে।

Share if you like