ক্যাম্পাস জীবন মানেই তারুণ্যভরা জীবন। পড়ালেখার পাঠ চুকিয়ে ওদের কেউ করছেন চাকরি, কেউবা উদ্যোক্তা। সময়ের সঙ্গে বেড়েছে ব্যস্ততা। তবুও নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্জিত জ্ঞান সবার ভেতর ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) প্রাক্তন শিক্ষার্থীরা।
সম্প্রতি সিআইইউতে অনুষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভায় এমন-ই কথা জানান শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে উচ্চশিক্ষার পাঠ সম্পন্ন করা প্রাক্তন শিক্ষার্থীরা।
নগরের জামালখান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিআইইউ অ্যালামনাই রিলেশন্স অফিস এবং সিআইইউ অ্যালামনাই কমিটি যৌথভাবে এইপ্রস্তুতি সভার আয়োজন করে।সিআইইউর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
শিগগিরই সিআইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিআইইউএএ) গঠন, গেট টুগেদার ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন এ সভায়।
সিআইইউ অ্যালামনাই রিলেশন্স অ্যাসোসিয়েশন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সরকার কামরুল মামুনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আগামি দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন সিআইইউ অ্যালামনাই কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক আবু সোহেল মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, সিআইইউর আইকিউএসি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সার্মেন রড্রিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক আতিকুর রহমান, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সাবেক শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করেন সিআইইউ অ্যালামনাই রিলেশন্স অ্যাসোসিয়েশন অফিসের কর্মকর্তা মাহমুদ বিন মোহাম্মদ।