সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশের মেয়েরা


FE Team | Published: December 22, 2021 20:07:52 | Updated: December 23, 2021 12:07:28


সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশের মেয়েরা

উপচে পড়া গ্যালারি। বাংলাদেশ, বাংলাদেশ মুহূর্মুহু শ্লোগানো মুখরিত হলো চারিধার। চেনা মাঠে, সমর্থকদের সামনে মনিকা-মারিয়ারা মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পাসরা। কিন্তু মিলছিল না গোলের দেখা। গোললাইন থেকে ফিরল আক্রমণ, কখনও পোস্ট আগলে দাঁড়াল পথ। এমন রোমাঞ্চকর ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন আনাই মোগিনি। শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখার মিশনে ছোটনের দল।

সেবার নেপালের কাছে সেমি-ফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। প্রথমবারের মতো শিরোপা মঞ্চে উঠে এসে হারের বিষাদ সঙ্গী হলো তাদের। এ আসরে টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারল ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা।

Share if you like