কিছুদিন পর পরই পেঁয়াজের দাম হু হু করে বেড়ে চললেও বাজারে চাহিদা কমে না এতটুকু। খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ ছাড়া যেন বাঙালির চলেই না। ভর্তা, ভাজি থেকে শুরু করে আচার এবং সালাদের জন্যও পেঁয়াজের চাহিদা অনেক বেশি।
বাজারে লাল, সাদা এমনকি হালকা হলুদ রঙের পেঁয়াজও দেখা যায়। লাল ও হলদেটে পেঁয়াজের ব্যবহার ভারতীয় উপমহাদেশে বেশি। সাদা পেঁয়াজের ব্যবহার মেক্সিকান রসুইঘরে বেশি দেখা যায়। কিন্তু এর মধ্যে কোনটি বেশি ভালো? পুষ্টিমান বিবেচনায় ধরলে দুটি প্রায় কাছাকাছি। কিন্তু লাল পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে জানা থাকলেও সাদা পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে অনেকেরই জানা নেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক মুনিরা খন্দকার সাদিয়া বলেন, লাল পেঁয়াজের মতো সাদা পেঁয়াজেও ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, ক্যালসিয়াম, ফসসরাস এবং পটাসিয়াম রয়েছে। সাদা পেঁয়াজে উপস্থিত ফ্ল্যাভোনয়েডস হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এছাড়াও এটি ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমায়।
কাঁচা হোক কিংবা রান্না, যেভাবেই খাওয়া হোক না কেনো সাদা পেঁয়াজ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাহলে জেনে নেওয়া যাক, সাদা পেঁয়াজ খেলে কি কি উপকারিতা পাওয়া যাবে।
রক্ত প্রবাহে সহায়তা
রক্ত পাতলা রাখার প্রাকৃতিক উপাদান সাদা পেঁয়াজ। এতে উপস্থিত ফ্ল্যাভোনয়েড এবং সালফার রক্ত পাতলা রাখে, যা রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং শিরা ও ধমনীতে রক্ত জমাট বাধতে দেয় না।
হৃদযন্ত্রের সুরক্ষায়
সাদা পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান বিদ্যমান, যা ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত হয়। তাছাড়া সাদা পেঁয়াজের শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য উচ্চ রক্তচাপ কমাতে ও রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করতে সহায়তা করে এবং হৃদযন্ত্রের রোগ থেকেও সুরক্ষা দেয়।
হজমে সহায়তা
সাদা পেঁয়াজে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোবায়োটিকস আছে যা অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য পুষ্টিকর উপাদান হিসেবে কাজ করে এবং হজম প্রক্রিয়ার উন্নতি সাধন করে। তাছাড়া এতে থাকা প্রোবায়োটিক ইনুলিন এবং অলিগোস্যাকারাইডস অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি করতেও সহায়তা করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
সাদা পেঁয়াজে থাকা ক্রোমিয়াম, কোয়াসাটিন এবং সালফার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত সাদা পেঁয়াজ সেবন ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। কারণ সাদা পেঁয়াজে থাকা কোয়াসাটিন এবং সালফার অ্যান্টি-ডায়াবেটিক উপাদান হিসেবে কাজ করে।
ঘুমের উন্নতিতে
সাদা পেঁয়াজে এল-ট্রিপ্টোফ্যান এবং অ্যামিনো এসিড আছে, যা ঘুমের জন্য সহায়ক প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এটি মানসিক চাপ দূর করতে এবং মনকে শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে
শরীরের জন্য বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাককে সাদা পেঁয়াজ ধ্বংস করতে সক্ষম। মূলত সাদা পেঁয়াজে প্রচুর পরিমাণে থাকা কোয়াসাটিন ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুব কার্যকরী। এছাড়াও এটি শরীরের জন্য অন্যান্য ক্ষতিকর উপাদানের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ক্যান্সার প্রতিরোধে
গবেষণায় উঠে এসেছে অ্যালিয়াম গ্রুপের সবজি, পাকস্থলি এবং মলাশয় ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর সাদা পেঁয়াজ অ্যালিয়াম গ্রুপের এবং এতে থাকা সালফার এবং ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও খাবারে সাদা পেঁয়াজ গ্রহণ টিউমার কোষ বৃদ্ধিতে বাধা হিসেবে কাজ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে
সাদা পেঁয়াজে উপস্থিত সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। এছাড়াও এটি ভাইরাল এবং অ্যালার্জি সমস্যা প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে।
চুলের স্বাস্থ্যে
সাদা পেঁয়াজের রস চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি চুল পড়া রোধে সাহায্য করার পাশাপাশি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং চুলকে খুশকির হাত থেকে রক্ষা করে। এছাড়া এটি অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকেও সুরক্ষা দেয়।
মোঃ ওমর ফারুক তপু বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।
jafinhasan03@gmail.com