Loading...

সাংবাদিকদের ‘নির্মোহভাবে’ সত্য লিখতে বললেন দুদক চেয়ারম্যান

| Updated: August 04, 2022 14:11:16


সাংবাদিকদের ‘নির্মোহভাবে’ সত্য লিখতে বললেন দুদক চেয়ারম্যান

কারও পক্ষে নয় বরং দেশের স্বার্থে ‘অকপটে ও নির্মোহভাবে’ সত্য লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‌্যাকের’ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সাংবাদিকদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, “আপনারা নির্মোহভাবে ও অকপটে সত্য কথা লিখবেন। কাউকে উদ্দেশ্য করে না, এমনকি আমার পক্ষেও না; সত্য কথা লিখবেন দেশের স্বার্থে। কারণ আপনাদের একটি নিউজ দেশের সব মানুষের ওপর প্রভাব ফেলে। তবে ভুল মেসেজ যেন না যায়, এই অনুরোধ থাকবে।”

তিনি বলেন, “যেখানে আমাদের যাত্রা শেষ হয়, ওখানে আপনাদের যাত্রা শুরু হয়। আপনারা অনেক গভীরে গিয়ে সত্য প্রকাশ করতে পারেন। আশা করছি আমাদের সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। সত্য লিখবেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে।“

দুদক সংবাদকর্মীদের সহযোগী হিসেবে মনে করে থাকে মন্তব্য করে সংস্থার চেয়ারম্যান আবদুল্লাহ বলেন, “দুদকের যে সাড়ে ১২০০ লোকবল রয়েছে, তাদের সঙ্গে আপনাদের সহযোগী বলে মনে করি। আপনাদের একটি বক্তব্য সবাই দেখে। সেজন্য আপনারা যাচাই-বাছাই করে লিখবেন।”

এমন কোনো ‘সংবাদ’ প্রকাশ হলে যদি কমিশনের অনুসন্ধান ও তদন্ত কাজ বাধাগ্রস্ত হয় এবং দুর্নীতিবাজের পক্ষে চলে যায় তা প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ জানান দুদক চেয়ারম্যান।

“আমাদের অনুসন্ধান ও তদন্তের গোপনীয়তার স্বার্থে বাধাগ্রস্ত হয়, এমন তথ্য বাদ দিয়ে সকল তথ্য শেয়ার করব। পরিশেষে একটি কথা বলতে চাই, কোনো নিউজ করার আগে একটু ভাববেন- নিউজটা সত্য কি না? এটা কাদের পক্ষে যায়, এটা কি দুর্নীতিবাজদের পক্ষে যায় নাকি ভালো মানুষদের পক্ষে যায়?”

এ সময় দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক ও সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic