Loading...
The Financial Express

সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা অতুলনীয়, অভাবনীয়: তথ্যমন্ত্রী

| Updated: May 20, 2021 16:48:18


সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা অতুলনীয়, অভাবনীয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মান মর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর এবং সাংবাদিকদের কল্যাণে যে কাজগুলো বাংলাদেশে করেছেন সেটি অতুলনীয় ও অভাবনীয়।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি আবেগতাড়িতভাবে না দেখার অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “যেহেতু একটি মামলা হয়েছে তার যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায় বিচার পান, তার প্রতি কোনভাবে যাতে অন্যায় না হয় সেটি আমরা দেখছি, সরকারের ওপর আস্থা রাখুন।”

বুধবার চট্টগ্রামে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মান মর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর,” খবর বাসসের।

মন্ত্রী বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে নিয়ে কি ঘটনা ঘটেছিল স্বাস্থ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেগুলো বাইরে প্রকাশ করা যাবে না এমন নথি রোজিনা ইসলাম ফাইল থেকে নিয়ে তার পকেটসহ অন্যান্য জায়গায় রেখেছিলেন এবং কিছু ছবি তুলেছিলেন। তখন তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি কাগজগুলো ফেরত দেন। এরপর তার বিরুদ্ধে মামলা ও তাকে পুলিশে হস্তান্তর করা হয়। ”

তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এখানে রাষ্ট্রীয় গোপন নথি রোজিনা ইসলাম ফাইল থেকে নিয়েছেন, সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা।”

হাছান মাহমুদ বলেন, “এখানে প্রশ্ন হচ্ছে তিনি সেখানে পাঁচ ঘণ্টা আটক থাকলেন কেন? এটি নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা পাঁচঘণ্টা আটক রাখেননি, একঘণ্টা পরেই পুলিশের কাছে হস্তান্তর করেছেন। যে বিলম্বটা হয়েছে সেটি কেন হলো পুলিশ খুঁজে বের করবে। ”

তিনি বলেন, “এ নিয়ে মামলা হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির মাধ্যমে নিশ্চয় বেরিয়ে আসবে তাকে সেখানে কেউ হেনস্থা করেছিল কিনা? রোজিনা ইসলামের কি অপরাধ ছিল, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারো কোন অপরাধ আছে কিনা বেরিয়ে আসবে। পুলিশও তদন্ত করছে।”

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের একটা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হাজার হাজার সাংবাদিক উপকৃত হয়েছে।

“কোন সাংবাদিক অসুস্থ হলে, চিকিৎসাধীন থাকলে সর্বোচ্চ ২ লাখ টাকা পান, মৃত্যুবরণ করলে এই কল্যাণ ট্রাস্ট থেকে ৩ লাখ টাকা তার পরিবার পায়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিবারকেও সহায়তা দেয়া যায় কিনা সেটিও পরীক্ষা নিরীক্ষা করে দেখছি,” বলেন তিনি।

“২০২০ সালে প্রায় সাড়ে ৩ হাজার সাংবাদিককে করোনাকালীন সহায়তা দেয়া হয়েছে। অভাবনীয়ভাবে এবার প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যে জন্য পুরো সাংবাদিক সমাজ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে,” যোগ করেন তথ্যমন্ত্রী।

Share if you like

Filter By Topic