‘সকল কাজের কাজী’ কথাটির মধ্যে খানিকটা নেতিবাচকতার ছাপ থাকলেও সতেরশো শতাব্দী থেকে এটি একটি বিশেষণ হিসেবে লোকসমাজে ব্যবহৃত হয়ে আসছে। কোনো একটি বিশেষ কাজে পারদর্শী না হয়ে বরং কমবেশি সকল কাজের বিষয়ে কিছু কিছু করে ধারণা রাখেন এবং সেই কাজগুলো করার সক্ষমতা রাখেন এমন মানুষদেরকেই সকল কাজের কাজী বিশেষণে বিশেষায়িত করা হয়ে থাকে।
যুগের চাহিদার সাথে এবং ক্ষেত্রে বিশেষে ও প্রয়োজনবোধে সকল কাজের কাজীদের কদর বেড়েছে।
অধিক বিষয়ে কর্মক্ষমতা
একটি প্রচলিত ধারণা রয়েছে যে যারা বিস্তর বিষয়ে কাজ সম্পর্কে জ্ঞান রাখেন তারা কোনো কাজই ঠিকমত করতে পারেন না; অসফল হয়ে থাকেন। প্রকৃতপক্ষে এই বিশেষণে বিশেষায়িত মানুষগুলো বহুমুখী প্রতিভার অধিকারি হয়ে থাকেন এবং তাদের বিবিধ বিষয়ে কর্মদক্ষতা থাকে। বর্তমান প্রতিযোগিতার বাজারে যে যত অধিক বিষয়ে জানাশোনা রাখে তার কদরটাও একটু বেশি। তারা যেকোনো কাজই আত্মবিশ্বাস এবং নৈপুণ্যের সাথে করে থাকেন। এ ব্যাপারে মনোবিদ সুনয়না ক্লার্ক বলেন, “এ ধরনের ব্যক্তি খুব সহজেই তার সক্ষমতা এবং দুর্বলতার জায়গাসমূহ সম্পর্কে বুঝতে পারেন। সেই সাথে তারা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারেও সচেতন থাকেন।”
উদ্যোক্তাদের জন্য আশীর্বাদস্বরূপ
সাধারণত অল্প পুঁজিকে অবলম্বন করে একজন উদ্যোক্তার যাত্রা শুরু হয়ে থাকে। নতুন ব্যবসার শুরুতে নানাবিধ কাজের মধ্যে, যেমন – প্রোগ্রামিং, স্যোশাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্লগ বা আর্টিকেল লেখার কাজের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ না করে বরং বেশ ভালো বেতনে অধিক বিষয়ে কর্মক্ষম একজনকে নিয়োগ দিলে তিনি সব কাজই কিছু কিছু করে সম্পাদন করতে পারবেন। ফলশ্রুতিতে একজন উদ্যোক্তার বেশ সাশ্রয়ও হবে।
ব্যবসায়িক জগতে পারদর্শিতা
অধিক বিষয়ে জানাশোনা থাকলে যেকোনো পরিস্থিতি সম্পর্কে সহজেই ধারণা করা যায় এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়।
নিউ কি হোমসের প্রতিষ্ঠাতা ক্লিফ গিবসন যিনি শুরুতে বিভিন্ন জায়গায় কাজ করেছেন যেমন গ্যারেজ, ফিন্যান্স, পণ্য ক্রয়, ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট, আইটি ডেভেলপমেন্ট, ডাটা আর্কিটেকচার, জিডিপিআর, এমনকি নিজ তত্ত্বাবধানে নিজের একটি বাড়িও নির্মাণ করেছেন। বর্তমানে তার নিজস্ব একটি প্রোপার্টি ডেভেলপমেন্ট কোম্পানী রয়েছে। তিনি বলেন, “নানাবিধ ক্ষেত্রে কাজ করার ফলে আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি তার ফলে নিজ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিষয়গুলো বুঝতে আমার অনেক সুবিধা হয়ে থাকে।”
যেকোনো ভূমিকায় কাজ করার পটুতা
জুতা সেলাই থেকে চন্ডীপাঠ -বিবিধ বিষয়ে দক্ষতা থাকার কারণে যেকোনো কাজ এবং পরিস্থিতির সাথে সহজেই মানিয়ে নিতে পারেন। তারা তাদের কাজের ক্ষেত্রে হয়তো ‘পারফেক্ট’ নয় কিন্তু চালিয়ে নেওয়ার জন্য ঠিক যতটা প্রয়োজন তারা সেটুকু ঠিকঠাক করে ফেলেন এবং ভবিষ্যতে কি হতে চলেছে সে বিষয়ে তারা কখনো উদ্বিগ্নতায় ভোগেন না। এ ধরনের ব্যক্তিরা নতুন কোনো দায়িত্ব পালন বা ভূমিকায় অবতীর্ণ হলে প্রশিক্ষণ চলাকালীন খুব অল্প সময়ের মধ্যেই তা আত্মস্থ করে ফেলেন।
জানার আগ্রহের ব্যাপকতা
যার জানার আগ্রহ যত বেশি সে জীবনে তত সফল এবং সকলের কাছে অধিক গ্রহণযোগ্যতাও পেয়ে থাকেন। কৌতুহল ও উৎসাহের সাথে কোনো কাজ করলে সেই কাজটি আরো ভালোভাবে সম্পন্ন করা যায়।
হর্টেনস জুলিয়েন, যিনি একাধারে ফুড রাইটার, ফটোগ্রাফার, আইনজীবী, পাবলিক স্পিকার, একটি এনজিওর ট্রাস্টি, ইভেন্ট ম্যানেজার তিনি বলেন, “বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য কাজের ক্ষেত্রে আমার কখনোই বিরক্তবোধ হয় না। নতুন কিছু শেখার প্রতি আমার ব্যাপক আগ্রহ কাজ করে। বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ফলে নানাবিধ মানুষের সাথে আমার পরিচয় এবং তাদের থেকে অনেক কিছু শেখার সুযোগ হয় আমার।”
নেতৃত্বদানের দক্ষতা
জ্ঞান ও অভিজ্ঞতার দিক দিয়ে যিনি অধিক দক্ষ তিনি তার জ্ঞানের আলোকে অন্যকে পথনির্দেশ করতে পারেন। এই ধরনের মানুষ নেতৃত্ব দেওয়ার ভালো ক্ষমতা রাখেন এবং কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে টিম ওয়ার্কের মাধ্যমে অন্যান্য সহকর্মীদের মাঝে নেতৃত্ব দিতে পারেন।
শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
zabin860@gmail.com
