Loading...

শেষ দিকের গোলে মাদ্রিদে হার এড়াল ইউনাইটেড

| Updated: February 24, 2022 11:43:43


শেষ দিকের গোলে মাদ্রিদে হার এড়াল ইউনাইটেড

আক্রমণের পসরা সাজিয়ে শুরুতেই দারুণ একটি গোল আদায় করে নিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু দুর্ভাগ্য তাদের, দুটি প্রচেষ্টা বাধা পেল ক্রসবারে। শুরু থেকে বিবর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড হার এড়াল শেষ দিকের গোলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জোয়াও ফেলিক্সের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর বদলি নেমে সমতা টানেন এন্থনি এলেঙ্গা।

এলেঙ্গার গোলের আগ পর্যন্ত ইউনাইটেডের যা পারফরম্যান্স ছিল, তাতে এই ড্র তাদের জন্য বড় স্বস্তিরই। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে এখন নিশ্চিতভাবে অনেকটা আত্মবিশ্বাসী থাকবে তারা।

আক্রমণাত্মক শুরু করা আতলেতিকো সপ্তম মিনিটে এগিয়ে যায়। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বাঁ দিক থেকে রেনান লোদির ক্রসে ডি-বক্সে শরীরটা শূন্য ভাসিয়ে ফেলিক্সের ডাইভিং হেডে বল পোষ্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

পঞ্চদশ মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে পারে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ব্রুনো ফের্নান্দেসের শট আতলেতিকোর ডিফেন্ডার স্তেফান সাভিচের গায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।

শুরু থেকে নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে একটি শট নেন বটে, কিন্তু পোস্টের অনেক বাইরে দিয়ে যায় বল। একটু পর তাকে প্রতিপক্ষের মার্কোস ইয়োরেন্তে ফাউল করলে পায়ে আঘাত পান পর্তুগিজ তারকা। ইয়োরেন্তেকে কার্ড না দেওয়ায় রেফারির প্রতি ক্ষিপ্ত প্রতিক্রিয়াও দেখান তিনি।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু বাঁ দিক থেকে লোদির ক্রসে কাছ থেকে ডিফেন্ডার সিমে ভারসালিকোর হেডে বল ক্রসবারে লাগে।

প্রথমার্ধে আতলেতিকো যেখানে গোলের জন্য আটটি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি, সেখানে ইউনাইটেড শটই নিতে পারে স্রেফ দুটি, গোলরক্ষক ইয়ান ওবলাকের কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। ৭৫তম মিনিটে মার্কাশ র্যাশফোর্ডের বদলি হিসেবে এলেঙ্গাকে নামান ইউনাইটেড কোচ। ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। ফের্নান্দেসের দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ১৯ বছর বয়সী এই সুইডিশ ফরোয়ার্ড। লক্ষ্যে ইউনাইটেডের প্রথম শট এটিই।

প্রিমিয়ার লিগে গত রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচেও বদলি নেমে দলের শেষ গোলটি করেছিলেন এলেঙ্গা।

পুরো ম্যাচে আতলেতিকোর ১৩ শটের মধ্যে ওই একমাত্র গোলের প্রচেষ্টাটিই লক্ষ্যে থাকে। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে জয়সূচক গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলি নামা অঁতোয়ান গ্রিজমানের বাঁ পায়ের দারুণ শটটাও ক্রসবারে লাগে। যোগ করা সময়ে ইউনাইটেডের জেসে লিনগার্ডের শট ঠেকান ওবলাক।

আরেক ম্যাচে বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।

Share if you like

Filter By Topic