স্টার্টআপ শুরু বা তার বাস্তবায়ন প্রক্রিয়া জানতে শুরু হল তিনদিনের চতুর্থ গার্লস ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ বুট ক্যাম্প। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরা এতে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর লালমাটিয়া আপন উদ্যোগ ফাউন্ডেশনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এনাব্লিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ ২০৩০ একটি কর্মসূচী হিসেবে এই উদ্যোগের আয়োজন করা হয়। রেজিষ্ট্রেশন ও গ্রুপ গঠনের মাধ্যমে শুরু হয় বুটক্যাম্পের আয়োজন।
কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে তহবিল যোগাড় করতে হয়, বিনিয়োগকারীর কাছে কিভাবে পৌছানো বা তাদের সাথে যোগাযোগ তৈরি, কোম্পানি রেজিষ্ট্রেশন, বৈধ কাগজপত্র তৈরিসহ কোনো স্টার্টআপ কিভাবে শুরু বা বাস্তবায়ন করতে হয় সেসব সম্পর্কে যাবতীয় দিকনির্দেশনা ও অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনদিনের এই বুটক্যাম্পে ঢাকাসহ নীলফামারি, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, টাঙ্গাইলথেকে ৩৩ জনমেয়ে অংশ নিয়েছে। প্রথম দিনের সেশনের মধ্যে ছিল, বিজনেস মডেল ক্যানভাসতৈরি, উদ্যোক্তা হওয়ার নানাবিধ চ্যালেঞ্জ, কিভাবে আইডিয়া নিয়ে ভাবনা, এক্সপার্টদের সঙ্গে নেটয়ার্কিং ও ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং শেখানো।
সেশনের পাশাপাশি বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে বুটক্যাম্প উপভোগ করছে মেয়েরা।
আলোচক হিসেবে ছিলেন ক্রিয়েটিভ সফট টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা জাহান, ওমেন ইন ডিজিটালের ফাউন্ডার আছিয়া নিলা, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টেরটিম লিডার (সিনিয়র অ্যাসিসট্যান্ট সেক্রেটারি), ওমেন এন্ড ইকমার্সের প্রেসিডেন্ট নাসিমা আখতার নিশা, নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, আস্থা আইটি’র ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার তাসনুভা আহমেদ ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসানসহ অনেকেই।
