শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমনি


FE Team | Published: September 11, 2021 17:06:09 | Updated: September 12, 2021 11:55:57


শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমনি

মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো চলচ্চিত্রের শুটিংয়ে ফিরছেন হালের শীর্ষ চিত্রনায়িকা পরীমনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

পরীমনি অক্টোবরের শেষ সপ্তাহে প্রীতিলতা চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানান চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করছেন আলোচিত এ চিত্রনায়িকা।

শনিবার রাশিদ পলাশ বলেন, ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। জন্মদিনের পরপরই আমরা শুটিংয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

১৭ অগাস্ট থেকে চট্টগ্রামের প্রীতিলতা চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; শুটিংয়ের প্রস্তুতির মধ্যেই ৪ অগাস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।

জামিনে মুক্ত হওয়ার পর তার শুটিংয়ে আইনি কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

প্রীতিলতা ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র অন্তরালে ও বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় বায়োপিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি; দুই সিনেমায় কবে শুটিং করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

ছয় মাস আগে মুখোশ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরীমনি; সেই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আর তার সবশেষ ছবি স্ফূলিঙ্গ মুক্তি পেয়েছে গত মার্চে।

Share if you like