Loading...
The Financial Express

শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে এয়ারলাইন্সগুলো

| Updated: August 06, 2021 09:42:20


শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে এয়ারলাইন্সগুলো

মহামারী নিয়ন্ত্রণের লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় সরকার অনুমতি দেওয়ার পর দেশের এয়ারলাইন্সগুলো সক্রিয় হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, শুক্রবার থেকে দেশের সব অভ্যন্তরীণ গন্তব্য তাদের ফ্লাইট চলবে।

বেসরকারি দুই এয়ারলাইন্সও শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী রুট ফ্লাইট পরিচালনা করবে বলে জানান তিনি।

নভোএয়ার জানায়, তারাও ৬ অগাস্ট থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ২টি, সিলেট ২টি, রাজশাহীতে ২টি এবং কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

কোভিড মহামারী নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন ঈদের আগে শিথিলের পর ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলে ৫ অগাস্ট পর্যন্ত দেশের মধ্যে আকাশপথ আবার বন্ধ থাকার ঘোষণা আসে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic