শিমুলিয়া-মাঝির ঘাটে ফেরি আছে, চলবে: খালিদ মাহমুদ চৌধুরী


FE Team | Published: June 28, 2022 18:24:28 | Updated: June 28, 2022 23:03:41


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি মঙ্গলবার বলেছেন, আমরা ফেরি বন্ধ করে দিইনি, সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে।

সোমবারও শিমুলিয়া, মাঝির ঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করব।

সেতু চালুর পর ফেরি না থাকায় মোটর বাইকচালকদের পারাপারে দুর্ভোগের মধ্যে মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পদ্মা সেতু গত রোববার খুলে দেওয়ার পর যানবাহন না পেয়ে ফেরি চলাচল বন্ধ ছিল।

তবে প্রথম দিনের পর মোটর সাইকেলের সেতুতে ওঠা বন্ধ করে দিলে বাইকাররা ফেরিও না পেয়ে পড়েন বিপাকে।

সোমবার একটি মাত্র ফেরি চলেছিল, সেটিও ডুবোচরে আটকা ছিল চার ঘণ্টা। পরে আর কোনো ফেরি চলেনি।

প্রতিমন্ত্রী খালিদ বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এ নয়, আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে।

১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ভারত-ভুটান-মিয়ানমারসহ সব দিকেই সংযুক্ত হয়ে যাচ্ছে। আমাদের নৌপথের আরও উন্নত হবে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

সেতু চালুর পর যাত্রী কমে যাওয়ায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, তিন দিনেই হতাশা এলে হবে না। আমরা তো আশাবাদী। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি?

অনেক মালিক বিলাসবহুল লঞ্চ নামানোর চিন্তা করছেন জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় লঞ্চ যাত্রাটা আরও আরামদায়ক হচ্ছে আগামী দিনে।

Share if you like