Loading...
The Financial Express

শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’: হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার

| Updated: December 30, 2021 12:36:48


শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’: হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রীর করা মামলায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সালাউদ্দীন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, বুধবার ঢাকা থেকে সালাউদ্দীনকে তারা গ্রেপ্তার করেন।

গত মঙ্গলবার রাজধানীর রমনা থানায় মামলাটি করার আগে ২২ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলে কলেজের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। যার বিরুদ্ধে অভিযোগ, সেই সালাউদ্দীন চৌধুরী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের শিক্ষক।

মামলার বাদী ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নিয়েও পড়াননি। পড়ার জন্য তিনি আমাকে বারবার তার বাসায় যেতে বলেন, যাতে আমি রাজি হইনি।”

এরপর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই শিক্ষক তাকে নানাভাবে ‘কুপ্রস্তাব’ দিয়ে বাসায় যেতে বলেছিলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।

“এতে রাজি না হওয়ায় দুটি প্রফ পরীক্ষায় তার কোর্সে পরপর দুইবার ফেল করিয়ে দেন। প্রথমে মান-সম্মানের ভয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ না করলেও পরে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”

এ বিষয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic