শিক্ষামূলক ভিডিওর জন্য এই ৫টি ইউটিউব চ্যানেল


মোঃ ওমর ফারুক তপু | Published: January 08, 2022 14:44:23 | Updated: January 09, 2022 12:39:56


শিক্ষামূলক ভিডিওর জন্য এই ৫টি ইউটিউব চ্যানেল

ইউটিউবে গড়ে প্রতিদিন ৪০০ বছর পরিমাণ সময়ের ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতিদিনই প্রয়োজনীয়-বিনোদনের নানা কনটেন্টে ভরে উঠছে ইউটিউবের ভান্ডার।

অস্বীকার করার উপায় নেই, ইউটিউব শিক্ষা এবং জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। একই সাথে ইউটিউবে রয়েছে ভরপুর সস্তা ও মানহীন কন্টেন্ট।

তাই নিজের সময় সঠিকভাবে কাজে লাগাতে জেনে নিন ইউটিউবের জনপ্রিয় কিছু শিক্ষামূলক চ্যানেল সম্পর্কে।

ক্র্যাশ কোর্স

মূলত ইতিহাস সম্পর্কিত চ্যানেল হিসেবে ক্র্যাশ কোর্স এর যাত্রা শুরু হলেও বর্তমানে রাজনীতি, সিনেমা থেকে শুরু করে বিজ্ঞান কিংবা প্রোগ্রামিংয়ের মতো বিষয়ের প্রাথমিক ধারণাও পাওয়া যায় এই চ্যানেলে।

জনপ্রিয় উপন্যাস দ্য ফল্ট ইন আওয়ার স্টারস এর লেখক জন গ্রিন তার ভাই হ্যাঙ্ক গ্রিনের সাথে ক্র্যাশ কোর্স চ্যানেলটি শুরু করেন। চিত্তাকর্ষক ভিজ্যুয়াল, মজাদার সংলাপ এবং নানান ধরনের অ্যানিমেশন ব্যবহারের মাধ্যমে এ চ্যানেলের ভিডিওগুলোকে অত্যন্ত আকর্ষণীয় এবং সহজভাবে উপস্থাপন করা হয়।

ক্র‍্যাশ কোর্স ইতোমধ্যে ১৩৮০টি ভিডিও তাদের চ্যানেলে আপলোড করেছে এবং তাদের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩ মিলিয়ন।

সাইশো

চারপাশে যে বিজ্ঞান রয়েছে তা নিয়ে কজনই বা চিন্তা করে? প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার পিছনে যে বিজ্ঞান রয়েছে, তা-ই চমৎকারভাবে উপস্থাপন করা হয় সাইশো চ্যানেলটিতে।

২০১১ সালে হ্যাঙ্ক গ্রিনের হাত ধরে এই চ্যানেলটির যাত্রা শুরু। তার পাশাপাশি মাইকেল এরান্ডাও শুরু থেকে চ্যানেলটিতে ভিডিও তৈরি করে আসছেন। বর্তমানে চ্যানেলটির ৬.৯২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তারা সর্বমোট ২৮৪১টি ভিডিও তৈরি করেছেন।

নিত্যদিনের দরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা প্রয়োগ এতো সহজ ও সুন্দরভাবে চ্যানেলটিতে উপস্থাপন করা হয় যে, যে কেউ দেখলেই বিষয়গুলো বুঝতে পারবে এবং দরকারমতো ব্যবহার করতে পারবে।

নাম্বারফাইল

কোনো গণিতের পন্ডিতকেও যদি হুট করে জিজ্ঞাসা করা হয় যে পাই এর ১ লক্ষতম অঙ্কটি কী, নিশ্চয় তিনিও হকচকিয়ে যাবেন। হয়তো ২-১ টা বকাও দিতে পারেন এরকম আজগুবি প্রশ্ন করার জন্য।

কিন্তু উত্তরটা অজানা কিছু নয়, ১।

বিস্ময়কর মনে হলেও আর অবাক হতে হবে না যদি যাওয়া হয় নাম্বারফাইল চ্যানেলটিতে। মুদ্রা নিক্ষেপের অঙ্ক মেলাতে বেশ বেগ পেতে হয়েছিল নিশ্চয়ই? ব্রেডি হারান নামের ভদ্রলোকের এ বিষয়ের ভিডিও দেখলে হা করে তাকিয়ে থাকতে হবে বেশ কিছুক্ষণ।

গণিত যার কাছে বিষফোঁড়ার মতো পীড়াদায়ক সেও নাম্বারফাইল চ্যানেলে হারান সাহেবের ভিডিও দেখলে গণিতকে মজার বলতে বাধ্য হবে।

২০১১ সালে যাত্রা শুরু করা এ ইউটিউব চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়েছে এবং এতে মোট ৬৩১টি ভিডিও আছে, যা গণিতকে নতুন করে উপভোগ করতে শেখাবে।

হোয়াট ইফ

কী হবে যদি পৃথিবীর সবার স্মৃতিশক্তি মুছে দেওয়া হয়? যদি পৃথিবীর সব অক্সিজেন এক ঘন্টার জন্য শেষ হয়ে যায়? যদি পৃথিবী ৫ সেকেন্ডের জন্য স্থির থাকে, তাহলে? যদি বৃহস্পতির চাঁদগুলো পৃথিবীর হয়ে যায়, তাহলে কী রকম হবে?

এরকম সব আজব কিন্তু মজাদার বিষয়ের উত্তর মিলবে হোয়াট ইফ নামের চ্যানেলটিতে। বিজ্ঞান এবং নিত্যনতুন বিষয় নিয়ে যারা আগ্রহী তাদের জন্য এ চ্যানেল সোনার খনির চাইতে কম কিছু নয়।

২০১৮ সালে যাত্রা শুরু করা এ চ্যানেল অল্প সময়ের মধ্যেই ৫.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং চ্যানেলটিতে ৭০৭টি ভিডিও রয়েছে বর্তমানে।

ভিসস

আসলেই কী চেয়ার আছে? সবচেয়ে ভয়ংকর জিনিস কী? মানুষের মন পড়বেন কীভাবে?

প্রশ্নগুলো শুনে পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু এসবের উত্তর পেয়ে যাবেন ভিসস চ্যানেলটিতে। জ্যামিতি থেকে শুরু করে মনস্তাত্ত্বিক বিষয় পর্যন্ত প্রায় সব বিষয়ের উপর ভিডিও রয়েছে এই চ্যানেলে, যার মূলে রয়েছে সেই বিজ্ঞান।

মাইকেল স্টিভেন্সেনের প্রতিষ্ঠা করা এ ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু ২০০৭ সালে, যার বর্তমান সাবস্ক্রাইবার ১৭.৩ মিলিয়ন।

স্টিভেন্সেনের রসাত্মক উপস্থাপনা এ চ্যানেলকে অন্য যে কোনো চ্যানেল থেকে আলাদা করে চিনিয়েছে। মাত্র ৩৮৬ টি ভিডিওর এ চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাটাই বলে দিচ্ছে চ্যানেলটির গুণগত মান কেমন।

মোঃ ওমর ফারুক তপু বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত।

jafinhasan03@gmail.com

Share if you like