উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চলার মধ্যেই ঢাকায় আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে সিলেট পুলিশে হস্তান্তর করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার উত্তরা থেকে দুজনকে নিয়ে গেছে স্বজনদের এমন দাবির মধ্যেই পাঁচজনকে সিলেটে আনার তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ।
মঙ্গলবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, সিআইডির টিম ঢাকায় পাঁচজনকে আটক করেছে। তারা শাবির সাবেক শিক্ষার্থী বলে শুনেছি। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে।
তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না এসব এখনও বিস্তারিত জানি না। তারা এলে বিস্তারিত জানাতে পার , যোগ করেন কমিশনার।
তাৎক্ষণিকভাবে পাঁচজনের নামও জানাতে পারেননি পুলিশ কমিশনার।
উত্তরা থেকে যে দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপন এবং স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন দীপ।
উত্তরার যে বাসায় তারা থাকতেন, ওই ভবনেই থাকেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২০০৮-০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং একটি আইটি ফার্মের এমডি শাহ রাজী সিদ্দিকী। নিজেকের স্বপনের লোকাল গার্ডিয়ান হিসেবে পরিচয় দিয়ে সোমবার রাতে তিনি এক ফেইসবুক পোস্টে দুজনকে তুলে নিয়ে যাওয়ার খবর দেন।
যোগাযোগ করা হলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর ওদের উত্তরার বাসা থেকে ধরে নিয়ে যায় সিআইডির কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তিরা। ঘণ্টাখানেক তাদের মাইক্রোবাসে রেখে দেওয়া হয়, তখন আমরা কথা বলেছি তাদের সঙ্গে।
সিআইডির কর্মকর্তারা আমাদের বলেছেন, শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের টাকা দিয়ে সহযোগিতা করার জন্য তাদের ধরা হয়েছে।
এ ব্যাপারে সিআইডির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে সাইবার ক্রাইম ইউনিটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যথাযথ প্রক্রিয়ায় গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে।