শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু


FE Team | Published: May 01, 2021 15:10:26 | Updated: May 01, 2021 17:35:56


শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু

অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশগুলো বাদে অন্য সব গন্তব্যে কঠোর শর্তসাপেক্ষে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে সকালে নিয়ন্ত্রক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বেবিচক আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচলের বিধিনিষেধও সে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানালেও তা পাল্টে তিন দিনের মাথায় নতুন সিদ্ধান্ত এলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ১২টি দেশের সঙ্গে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে বেবিচক।

এগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউদ আফ্রিকা ও তিউনিশিয়া।

আর ২৬টা দেশকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেসব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ দেশগুলো হলো- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথিওনিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

Share if you like