শফীর মৃত্যুর ঘটনায় বাবুনগরীসহ ৪৩ জনকে দায়ী করেছে পিবিআই


FE Team | Published: April 12, 2021 18:13:28 | Updated: April 13, 2021 15:38:55


শাহ আহমদ শফী

হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।

সোমবার চট্টগ্রাম আদালতে দেওয়া এ প্রতিবেদনে ৪৩ জনকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই ৪৩ জনের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীও রয়েছেন বলে জানান তিনি।

পিবিআইর চট্টগ্রাম জেলার সুপার নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার তদন্তে অন্তত ২২ জনের সাক্ষ্য নিয়েছেন তারা। মৃত্যুর পাশাপাশি মাদ্রাসায় ভাংচুরসহ বিভিন্ন বিষয় তারা তদন্তে এনেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি বনজ কিংবা নাজমুলের কেউই।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক আহমদ শফী।

মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে শফী মহাপরিচালকের পদ ছাড়েন, তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানিকেও বহিষ্কার করা হয়।

শফীর মৃত্যুর দিন আনাস মাদানি ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে টেনশনের কারণে হার্টফেইল করে তার বাবা মারা গেছেন।

হেফাজতের মধ্যে বিবাদের মধ্যে গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, আহমদ শফীকে মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়।

কয়েক দফা সময় নিয়ে পিবিআই সোমবার আদালতে প্রতিবেদনটি দাখিল করে।

Share if you like