নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথের আয়োজন করা হয়েছে; তবে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, আলীরাজ যাচ্ছেন না শপথ অনুষ্ঠানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিলের পর নিপুণ আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয় শনিবার। রোববার বিকালে এফডিসিতে শিল্পী সমিতির নতুন কমিটির শপথ নেওয়ার কথা রয়েছে।
রোজিনা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার জন্য’ তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না; বিষয়টি সভাপতি ইলিয়াস কাঞ্চনকে রাতেই জানিয়ে দিয়েছেন।
আলীরাজও বলেছেন, তিনি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, শপথের আয়োজনে যাচ্ছেন না।
এবারের নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের কাছে বড় ব্যবধানে হেরেছেন মিশা সওদাগর; মাত্র ১৩ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নিপুণকে হারালেও ভোটে টাকা ছড়ানোর অভিযোগে শনিবার সেই পদ হারান এ চিত্রনায়ক।
শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাধারণ সম্পাদের দায়িত্ব সামলাবেন নিপুণ আক্তার।
কাঞ্চন-নিপুণের নেতৃত্বের কমিটিতে মিশা-জায়েদ না থাকলেও তাদের প্যানেল থেকে সহ-সভাপতি হিসেবে মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কার্যকরী সদস্য পদে রোজিনার সঙ্গে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ ও মৌসুমী নির্বাচিত হয়েছেন।
শপথ না নেওয়ার প্রসঙ্গে ধরে রোজিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কমিটিতে থাকবেন কি না। এর সরাসরি কোনো উত্তর দেননি রোজিনা।
তিনি বলেন, “আমি কমিটিতে থাকি কিংবা না থাকি-এটা কোনো ব্যাপার না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের বিষয়ে আমি কাজ করব। কমিটির বাইরে থাকলেও চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। যদি কখনও কেউ ডাকে, যদি আমি ফ্রি থাকি কাজ করব।”
কমিটিতে থাকা কিংবা না থাকা নিয়ে আলীরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিল্পী সমিতির যখন সমঝোতার মাধ্যমে সবকিছু সুন্দরভাবে হবে, সুন্দরের মধ্যে আমি অবশ্যই থাকব।”
কার্যকরী পরিষদ থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে একজন নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু রোজিনা কিংবা আলীরাজই নয়, মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কেউই শপথে ‘যাবেন না’।
