লিটন দাসের প্রথম সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে কাজ এখনও শেষ হয়নি। সাত সকালে দ্রুত উইকেট নিতে পারলে স্বাগতিকদের সাড়ে তিনশ রানে থামানো সম্ভব বলে মনে করছে পাকিস্তান। তবে বাংলাদেশের নজর আরও উঁচুতে। প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্যে দ্বিতীয় দিন ব্যাটিং করছে মুমিনুল হকের দল।
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
লিটন দাসের মতো একই পরিকল্পনায় ইয়াসির আলি চৌধুরিকেও ফেরাতে চেয়েছিলেন হাসান আলি। কাজ প্রায় হয়েই যাচ্ছিল। একটুর জন্য বেঁচে গেছেন অভিষিক্ত ব্যাটসম্যান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
হাসানের ইনসুইংয়ের লাইনে যেতে পারেননি ইয়াসির। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাবর আজম। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
দ্বিতীয় রিভিউ হারাল পাকিস্তান। দুটি সফল রিভিউ নেওয়া সফরকারীদের আর একটি রিভিউ বাকি।
শাহিন শাহ আফ্রিদিকে পরের ওভারে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন ইয়াসির।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৬০/৫
শুরুতেই ফিরলেন লিটন
আগের দিন হাসান আলি বলেছিলেন দিনের শুরুতে উইকেট চান তারা। এই পেসারের হাত ধরে দ্বিতীয় ওভারেই উইকেট পেল পাকিস্তান। এলবিডব্লিউর সফল রিভিউয়ে লিটন দাসকে ফিরিয়ে ভাঙল ২০৬ রানের জুটি।
প্রথম ওভারটি করেন নুমান আলি। পরের ওভারে বল হাত পান হাসান। বেশিরভাগ বল করছিলেন আউটসু্ইং, শেষ বলটি ইনসুইং। বলের লাইনে যেতে পারেননি লিটন। ব্যাটের কানা ফাঁকি দিয়ে লাগে পেছনের পায়ে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন অধিনায়ক বাবর আজম। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্পের উপরের দিকে লাগত বল।
২৩৩ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৪ রান করে ফিরেন লিটন। আগের দিনের রানের সঙ্গে কেবল একটি সিঙ্গেল যোগ করতে পারেন তিনি।
ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরি।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ২৫৫/৪
উইকেটে রানের হাতছানি
প্রথম টেস্টের উইকেট ব্যাটিং স্বর্গ নয়। প্রথম দিনও কিছুটা সহায়তা ছিল বোলারদের জন্য। পেসাররা সুইং ও বাড়তি বাউন্স পেয়েছেন। স্পিনাররা টার্ন ও বাউন্স পেয়েছেন। কিছু বল নিচুও হয়েছিল।
ধারাভাষ্যকার এড রাইন্সফোর্ড পিচ রিপোর্টে জানালেন, আগের দিনের মতো অতো জীবন্ত নয় উইকেটে থাকা ঘাস। কিছুটা সুবিধা থাকবে বোলারদের জন্যও। একটু চিড়ও আছে উইকেটে, তবে এখনও দুর্ভাবনায় পড়ার মতো কিছু নয়। দ্বিতীয় দিনও রান থাকবে উইকেটে।
বাজে শুরুর পর স্বপ্নের দিন
প্রথম সেশনে এক পর্যায়ে ৫৮ মিনিটের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিমের চমৎকার জুটিতে কোনো উইকেট ছাড়াই কাটিয়ে দেয় পরের দুই সেশন। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।
২২৫ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৩ রানে খেলছেন লিটন। ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান। পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি, পঞ্চম উইকেটে সেরা।
বড় সংগ্রহের জন্য মুশফিক ও লিটনের দিকে তাকিয়ে বাংলাদেশ। এখনও ব্যাটিংয়ে আসতে বাকি অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরি। আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
প্রথম দিন আলোকস্বল্পতায় একটু আগেভাগে শেষ হওয়ায় শনিবার খেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে দশটায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন শেষে) ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০)।
