Loading...

লিটন কিন্তু খুব ভালো মানের ফিল্ডার: মুশফিক

| Updated: October 25, 2021 20:39:04


লিটন দাস  ও মুশফিকুর রহিম লিটন দাস ও মুশফিকুর রহিম

লিটন দাসের হাতছাড়া করা দুটি ক্যাচের প্রভাবে ১৪ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচ জেতার সুযোগ হারানোর পরেও এর দায় সরাসরি কোনো সতীর্থকে দিতে চান না মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুশফিক সরাসরি কাওকে দিতে না চাইলেও বারবার আক্ষেপ ঝরিয়েছেন দুটি সুযোগ হাতছাড়া করা নিয়ে।

তিনি বলেছেন, “আসলে দায় দেয়ার কিছু নেই। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো, লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। আর ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় ওদের দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।”

“আমাদের সবই ঠিক ছিল, শুধু দুইটা সহজ সুযোগ যদি কাজে লাগাতে পারতাম, তাহলে খেলার চিত্রটা অন্যরকম হতে পারত।”

রবিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫২ বলে ৮৬ রানের জুটিতে লঙ্কানদের জয়ে সবচেয়ে বড় অবদান চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসার, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ব্যাটিংয়ের সময়ই মুশফিক বুঝতে পেরেছিলেন উইকেট খুব ভালো। তাই ১৭০ রান করেই জেতা যাবে না। বোলিং ও ফিল্ডিংও হতে হবে খুব ভালো। সেটা করতে না পারায় ভীষণ হতাশ মুশফিক।

“এই উইকেটে রান কম দেখেছি কিন্তু আজ খুব ভালো ছিল। আমরা জানতাম যে ১৭০ হয়ত জয়ের স্কোর না, কিন্তু আমরা যদি সুযোগ কাজে লাগাতে পারি তাহলে জয় সম্ভব। ওরা ৬ ওভার খুবই ভালো কাজে লাগিয়েছে। পরে সাকিব আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। কিন্তু ওদের দুই সেট ব্যাটসম্যান সব বদলে দেয়। সব মিলিয়ে বলব দায় দেয়ার কিছু নেই, কিছু ভুল হয়েছে সেজন্য ম্যাচটা জিততে পারিনি।”

ম্যাচে ব্যক্তিগত কিছু প্রাপ্তি ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকের মতে, দলের হারের সঙ্গে সে সব হয়ে গেছে অর্থহীন। তবে এই হার থেকেই তারা পাচ্ছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। সুযোগ কাজে লাগাতে পারলে এখনও বিশ্বকাপে বহুদূর যাওয়া সম্ভব।

“টি-টোয়েন্টিতে কোনো রানই নিরাপদ না। একজন ক্রিকেটার ম্যাচ জিতিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আমরা ১৭০ রান করে জেতার মতো অবস্থায় ছিলাম। কিন্তু পরে সুযোগ আমরা নিতে পারিনি মানে ভালো বোলিং বা ফিল্ডিং করিনি। ভালো খেলে হারলে সেই ভালো খেলার কোনো মানে নেই। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, এই ফরম্যাটে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। সামনে একই ভাবে আমরা এগোতে পারব।”

Share if you like

Filter By Topic