রোগী নিয়ে হাসপাতালের পথে লাশ হলেন ২ শিক্ষক


FE Team | Published: May 22, 2021 16:25:19 | Updated: May 22, 2021 20:21:21


রোগী নিয়ে হাসপাতালের পথে লাশ হলেন ২ শিক্ষক

নারায়ণগঞ্জে উল্টো পথে যাওয়া ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোগীসহ আরও দুইজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার সকাল ৭টার দিকে নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা হতাহত হন।

নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর এলাকার জানু মোল্লার ছেলে স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির (৪২) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে স্থানীয় একটা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ফারুক হোসেন (৩২)।

ওসি মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষক অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে কুমিল্লার তিতাস থেকে ঢাকায় হাসপাতালে যাচ্ছিলেন। পথে উল্টো পথে যাওয়া মদনপুরমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই দুই শিক্ষক নিহত হন।

তাছাড়া এ দুর্ঘটনায় আহত হন রোগীসহ আরও দুইজন। তাদের মদনপুর এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, ঘটনার পরপরই রাস্তায় ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share if you like