রূপগঞ্জে কারখানায় আগুন, দুই নারী শ্রমিকের মৃত্যু


FE Team | Published: July 08, 2021 22:18:57 | Updated: July 09, 2021 14:58:30


রূপগঞ্জে কারখানায় আগুন, দুই নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভুলতা কর্ণগোপ এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৩৪) এবং রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৩)।

এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জুসসহ কোমল পানীয় তৈরির এ কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানাটিতে বিকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জানান, ছয়তলা ওই কারখানার নিচতলা, তিনতলা এবং চারতলায় আগুন দেখা গেছে। তিন ও চারতলায় ১২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে আনে।

Share if you like