Loading...

রুমায় গোলাগুলি, এক সেনা সদস্যসহ ৪ জন নিহত

| Updated: February 03, 2022 20:15:23


রুমায় গোলাগুলি, এক সেনা সদস্যসহ ৪ জন নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার সকালে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি টহল সেনাদলের গোলাগুলি হয় বলে সেনা কর্মকর্তাদের ভাষ্য।

নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ছিলেন ওই টহল দলের কমান্ডার।

এছাড়া ফিরোজ নামে একজন সৈনিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অভিযানে একটি এসএমজি, ২৭৫ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং ‘চাঁদাবাজির’ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করার কথাও জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

বান্দরবান সেনা রিজিওনের মেজর এরশাদ উল্লা বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের একটি দল’ রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজি জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল সেখানে যায়। 

“রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে জেএসএসের (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সন্তু লারমা) তিন সন্ত্রাসী এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলে মারা যান।”

এ বিষয়ে জনসংহতি সমিতির কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

Share if you like

Filter By Topic