রাশিয়ার হামলায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন


এফই অনলাইন ডেস্ক | Published: March 04, 2022 09:58:48 | Updated: March 04, 2022 17:09:08


রাশিয়ার হামলায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

রাশিয়ার হামলার পর ইউক্রেইনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন জ্বলছে।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুক্রবার ভোর রাতের দিকে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে।

আগুন নেভানোর জন্য ওই এলাকাকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফায়ার ফাইটারদের সেখানে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইউক্রেইন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বাহিনী ইউক্রেইনের দক্ষিণ পূর্বাঞ্চলের এনারহোদার শহরে ওই বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করার পর একটি জেনারেটিং ইউনিটে গোলা এসে পড়ে এবং একটি অংশ আগুন ধরে যায়।

পরে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এক টুইটে জানায়, জাপোরিঝিয়ার জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

প্ল্যান্টের মুখপাত্র আন্দ্রেই তুজ সিএনএনকে বলেছেন, আগুনে প্ল্যান্টের বড় ধরনের ক্ষতি এখনও হয়নি এবং তাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা চেষ্টা করছেন।

ছয় ইউনিটের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছিল ১৯৮৪ সালে। ইউরোপে এরচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আর নেই।

দেশটির পারমাণবিক বিদ্যুৎ কর্তৃপক্ষ এনারগোটমের তথ্য অনুযায়ী, ওই কেন্দ্রে ৪০ থেকে ৪২ বিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়, যা ইউক্রেইনের মোট উৎপাদনের প্রায় এক পঞ্চমাংশ এবং দেশটিতের উৎপাদিত মোট পারমাণবিক বিদ্যুতের প্রায় ৪৭ শতাংশের সমান।

এই প্ল্যান্টে সার্বক্ষণিক রেডিয়েশন পর্যবেক্ষণের ব্যবস্থা আছে এবং ৩০ কিলোমিটার রেডিয়েশন কন্ট্রোল জোন রয়েছে।

Share if you like