রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি বাজারের পাঁচটি গুদামে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। আর এ জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে দুইটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, মঙ্গলবার বিকালে উপজেলার বানেশ্বর বাজারে পাঁচটি গুদামে অভিযান চালিয়ে মোট ৪৫৪টি ড্রাম উদ্ধার করা হয়। এসব ড্রামে মোট ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দুইটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্য তেল পাওয়া গেছে। এর মধ্যে সয়াবিন তেল প্রায় ২০ হাজার লিটার এবং বাকিগুলো সরিষার তেল।
এ সময় শহিদুল ইসলাম স্বপন (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন উপজেলার চেউখালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বাড়ির পাশেই রয়েছে গুদাম।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।
