Loading...
The Financial Express

রাজশাহীতে ২৫০০০ লিটার তেল ১১০ টাকা দরে বিক্রির নির্দেশ 

| Updated: May 25, 2022 17:13:10


রাজশাহীতে ২৫০০০ লিটার তেল ১১০ টাকা দরে বিক্রির নির্দেশ 

রাজশাহীতে পুলিশের অভিযানে জব্দ বিপুল পরিমাণ তেল খোলা বাজারে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রির আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ আল্লাম এই আদেশ দেন বলে আদালতের পরিদর্শক আজিম হোসেন জানিয়েছেন। 

গত ৯ মে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকায় দুটি গুদাম থেকে ২৫ হাজার ৭২৪ লিটার তেল জব্দ করেছে পুলিশ। এই তেল খোলা বাজারে বিক্রির আদেশ দেয় এই আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

আদেশের বরাতে পুলিশ পরিদর্শক আজিম হোসেন বলেন, জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে বিক্রি করতে হবে। 

“ভোক্তা পর্যায়ে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল নিতে পারবেন।” 

আজিম হোসেন আরও বলেন, আদালতের আদেশ অনুযায়ী তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করবেন থানার ওসি। 

গত ৯ মে রাতে তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদামে মজুদ করা ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে জেলা পুলিশ। 

আজিম হোসেন জানান, এই ঘটনায় স্থানীয় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যান স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম। তাদের দুজনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় বাগমারা থানায়।  

পরে তেলগুলো খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অনুমতি চেয়ে পুলিশ আদালতে আবেদন করে বলে তিনি জানান। 

Share if you like

Filter By Topic