Loading...

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে নতুন আরেকটি ওয়ার্ড; ২৪ ঘন্টায় মৃত্যু ১৪

| Updated: June 28, 2021 18:40:55


রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে নতুন আরেকটি ওয়ার্ড; ২৪ ঘন্টায় মৃত্যু ১৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে কোভিড ইউনিটে যুক্ত করা হযেছে আরেকটি ওয়ার্ড।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

তিনি বলেন, তাদের মধ্যে সাতজনের পজেটিভ ছিল। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। তাদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাগঞ্জের পাঁচজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ আর তিনজন নারী। তাদের চারজন ছিলেন আইসিইউতে।

তাদের ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের তিনজন পুরুষ।

এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে ৩১৫ জন মারা গেলেন বলে জানান পরিচালক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। তাদের মধ্যে রাজশাহীর ৫২ জন আর চাঁপাইনবাবগঞ্জের রয়েছেন ১০। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন।

হাসপাতালের ৪৮ বেডের আরেকটি ওয়ার্ডকে কোভিড ইউনিটে যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কোভিড ইউনিটে বেডের সংখ্যা হল ৪০৫টি। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৪৪২ জন, যা আগের দিন ছিল ৪৩৪। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৬ জন আর চাঁপাইনবাবগঞ্জের রয়েছেন ৪৯ জন। অন্যরা হলেন নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার। তাদের মধ্যে আইউসিইউতে আছেন ১৯ জন।

শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে শনাক্তে হার আরও কমেছে। রোববার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ, যা আগের দিন ছিল ২৯ দশমিক শূন্য ৮ শতাংশ। তার আগের দিন শুক্রবার ছিল ৩৪ দশমিক ৫০ শতাংশ।

Share if you like

Filter By Topic