রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও ২২ মৃত্যু


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 23, 2021 12:13:04 | Updated: July 23, 2021 16:56:05


রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও ২২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় কোভিড ইউনিটে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুইজন, নওগাঁ একজন ও পাবনার চারজন রয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ এবং আটজন নারী।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত) রাজশাহী হাসপাতালের কোভিড ইউনিটে মোট ৪১১ জনের মৃত্যু হল। এর আগে গত জুন মাসে এ ইউনিটে ৪০৫ জন মারা গেছে বলে জানান হাসপাতাল পরিচালক।

গত ২৪ ঘণ্টায় কোভিড ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে ৬১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬২ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৪১২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

শামীম বলেন, কোভিড ইউনিটে চিকিৎসাধীন ৪১২ জনের মধ্যে ১৮৬ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ রয়েছে ১৭৩ জনের। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড মুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন।

এদিকে বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ বলে হাসপাতাল পরিচালক জানান।

এর আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

Share if you like