Loading...

রাজশাহী মেডিকেলে কোভিড ও উপসর্গ নিয়ে আরও ১৩ মৃত্যু

| Updated: August 13, 2021 21:22:22


রাজশাহী মেডিকেলে কোভিড ও উপসর্গ নিয়ে আরও ১৩ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে সাতজন এবং কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১৩ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও পাবনার তিনজন রয়েছেন। এদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। 

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছে । একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৭৯ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৮৭ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

পরিচালক জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ।

Share if you like

Filter By Topic