রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু


এফই ডেস্ক | Published: July 24, 2021 11:45:45 | Updated: July 24, 2021 16:25:07


রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ৪২২ জনে দাঁড়াল বলে জানান শামীম।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের কোভিড ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

হাসপাতাল পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলাতা নিয়ে ৫৩ জন চিকিৎসাধীন।

শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৬৫ শতাংশ।

শামীম জানান, এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার চিল ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

Share if you like