রাজধানীর উত্তরায় কভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেছে তিনজনের, যারা পরস্পরের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতরুজ্জামান ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হয়েছে, কভার্ড ভ্যানটি তিনজনকে চাপা দেওয়ার পর একজনকে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়।
একজন নারীসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, তারা সেখানে কোনো গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে আমরা ধারণা করছি। ওই সময় কভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে একটি মোটর সাইকেল পাওয়া গেছে, তবে তারা কেউ মোটর সাইকেলে ছিল কিনা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের নাম অজুফা, এনামুল ও অনিক। অজুফা নামের ওই নারী বাকি দুজনের ফুপু। তাদের বাড়ি নীলফামারিতে।
দুর্ঘটনার পরপরই চালক কভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।