রাজধানীর সূত্রাপুরে দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেকজন।
সোমবার রাত ১১টার দিকে সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রাপুর থানার ওসি মুহাম্মাদ মামুনুর রহমান বলেন, “এ ঘটনায় জড়িত ৬ জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ১৮ বছরের কম।”
নিহত কিশোর গেণ্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল; তার বাসা মিল ব্যারাকে কাজীটোলায়। আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওসি মামুনুর রহমান বলেন, নিহত ওই স্কুলছাত্র স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। কয়েকদিন আগে তারা ওয়ারী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আরেকটি ‘কিশোর গ্যাংয়ের’ এক সাদস্যকে মারধর করে।
“তখন সেটা বেশিদূর গড়ায়নি। কিন্তু শবে বরাতের রাতে দুই গ্রুপ ফরাশগঞ্জ ঘাটে আবার কথা কাটাকাটিতে জড়ায়। সে সময় ওয়ারীর ছেলেদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গেণ্ডারিয়ার দুজন আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
