Loading...
The Financial Express

রাজধানীতে সকাল এল বৃষ্টি নিয়ে

| Updated: April 20, 2022 20:02:59


ফাইল ছবি ফাইল ছবি

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বৃষ্টির কথা ছিল, বুধবার তা ফলে গেল; রাজধানীতে সকাল এল বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে।

ভোরের আলো ফোটার পর সকাল সাড়ে ৬টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। পৌনে ৭টার দিকে ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি।

দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত কয়েক দিন ধরে, ঢাকাতেও ছিল দমবন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা। তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি।

আগের দিন সন্ধ্যায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বুধবার তা প্রশমিত হতে পারে বলে আশা দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share if you like

Filter By Topic