রংপুর শহরে নির্মাণাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ খাদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাহাদিন সরকার তানাম (৮) নামে এই শিশুর লাশ উদ্ধার করেন তারা।
তানাম জেলার পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে। স্থানীয় ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
মোনায়েম সরকার বলেন, রংপুর শহরের সর্দারপাড়া এলাকায় থাকতেন তারা। শুক্রবার সকালে আশরতপুরের চারতলা একটি বাড়িতে নতুন বাসায় ওঠেন। বাসা সম্পন্ন হলেও বাড়ির সব কাজ শেষ হয়নি। লিফট এখনও স্থাপন করা হয়নি। শুক্রবার রাতে লিফট চলাচলে জলাবদ্ধ খাদে তানামের লাশ দেখতে পান তারা।
এর আগে বিকেল থেকে তানামের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তিনি জানান।
ওসি আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলা করার সময় লিফট চলার খাদে জমে থাকা পানিতে পড়ে মারা যায় তানাম।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।