Loading...

যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ

| Updated: June 28, 2022 17:52:30


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মেক্সিকো সীমান্তে পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে প্রায় অর্ধশত মানুষের লাশ পাওয়া গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সান অ্যান্টোনিও শহরে পাওয়া মৃত এই ব্যক্তিদের সবাই অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাতে সান অ্যান্টোনিও শহরের উপকণ্ঠে রেললাইনের কাছে আবদ্ধ ওই ট্রাকটি পাওয়া যায় বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরটি মেক্সিকো সীমান্ত থেকে আড়াইশ কিলোমিটারের মধ্যে। ওই অঞ্চলে এখন তীব্র তাপদহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

স্থানীয় কাউন্সিল সদস্য আদ্রিয়ানো রোচা গার্সিয়াকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, মৃত ব্যক্তির সংখ্যা ৪৪।

তবে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৪৬ উল্লেখ করা হয়েছে।

রোচা গার্সিয়া সিএনএনকে বলেছেন, ওই ট্রাক থেকে চারটি শিশুসহ আরও ১৬ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ট্রাকটির চালককে খুঁজে পাওয়া যায়নি। তাকে পুলিশ খুঁজছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

কীভাবে এত মানুষের মৃত্যু হল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মৃতদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলে এবরার্দ বিবিসিকে বলেছেন, ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছেন তারা।

এই মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।

রিপাবলিকান পার্টির এই নেতা বলেছেন, সীমান্ত উন্মুক্ত রাখার যে নীতি নিয়ে বাইডেন চলছেন, তারই ফল এই মৃত্যু।

মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের বহু দিনের আলোচিত একটি বিষয়।

গত বছর ওই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকেছিল। এদের অনেকে ঢুকেছিল মারাত্মক ঝুঁকি নিয়ে প্রাণ বাজি রেখে।

Share if you like

Filter By Topic