ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার এসআই নাদিম মুন্সী।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বন্ধন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়েছি। তবে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিয়েছিল বলেও শোনা যাচ্ছে।
দুর্ঘটনায় এক নারীর হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়ে এসআই নাদিম বলেন, ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সেখানে ১৫ জনের মত চিকিৎসার জন্য গেছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর ফায়ার সার্ভিস পায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন।