Loading...

যত্নে থাকুক বই

| Updated: September 24, 2021 16:36:13


- প্রতীকী ছবি - প্রতীকী ছবি

এক বন্ধুকে কিছু বই ধার দিয়েছিলেন রাহাত। পাঁচদিন পর ফেরত দেওয়ার কথা থাকলেও দিয়েছে দুইমাস পর। আর ভালো বই নিলেও ফেরত দেওয়ার সময় দেখা যায়, একটা বইয়ের প্রায় প্রতিটি পাতায় আঁকিবুকি। আবার অন্য এক বইয়ের পাতা ছেঁড়া। খুব আক্ষেপ নিয়ে রাহাত বললেন, “জীবনে আর কখনো কাউকে বই ধারই দেব না

ঘটনাটি কাল্পনিক হলেও এভাবে কখনও কখনও বই ধার দিয়ে কিংবা নিয়ে অযত্নে বইয়ের ক্ষতি করেন অনেকে। আবার অনেকসময় বাসায় বই রাখার তাক বা আলমারিতেও কিছু অসাবধানতায় বইয়ের ক্ষতি হয়। কেউ কেউ পড়তে গিয়েও জানা-অজানায় নানাভাবে বইয়ের ক্ষতি করে থাকেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইপ্রেমী ফয়সাল হাসানের মতে, বইয়ের অযত্ন জঘন্যতম কাজ। তিনি মনে করেন, যারা বইয়ের যত্ন করতে জানেন না, তাদের বই পড়ার যোগ্যতার ঘাটতি আছে। ফয়সালের ভাষায়, “বই আমার কাছে জগতের অন্যতম পবিত্রতম বস্তু। বই পড়ে আমরা যা অর্জন করতে পারি, তার মূল্য অপরিসীম। এই অর্জন ছড়িয়ে দিতে বই সংরক্ষণ জরুরি।

ফয়সালের মতো ভাবনা অনলাইন বুকশপ অন্বেষা বুক ডিপোর স্বত্বাধিকারী আবিরেরও। আবির বলেন, “বইয়ের প্রতি ভালোবাসা থেকেই বই পড়ার পাশাপাশি বিক্রির কাজও করি। অনেকে আমাদের থেকে এক বই একাধিকবার কিনে থাকে। মাঝে মাঝে তাদের কাছ থেকে জানতে পারি, আগের বইটি নষ্ট হয়ে গেছে। এটা আসলে ঠিক নয়। বই কেনা যেমন ভালো কাজ, তেমনি বইয়ের যত্ন করাও খুব গুরুত্বপূর্ণ। এটা অত্যাবশ্যকীয়ও বটে।

বিভিন্নভাবে বইয়ের যত্ন করা যায়। বইকে ক্ষতি থেকে বাঁচানো যায় । ক্ষতি থেকে বই বাঁচাতে কী কী উপায় ব্যবহার করা যায়, তা নিয়েই আমাদের আজকের লেখা।

যখন বই ধার দেবেন, ধার নেবেন

অনেকসময় বই ধার দিলে পরে আর খুঁজে পাওয়া যায় না। কাকে দিয়েছেন, তা ঠিকঠাক বলতে না পারলে খুঁজে বের করাও দুষ্কর। সেজন্য যাকে ধার দেবেন, তার নাম লিখে রাখুন। সম্ভব হলে ফেরতের সম্ভাব্য তারিখও লিখে রাখতে পারেন। যাকে বই ধার দেবেন, সে বইয়ের ব্যাপারে যত্নশীল কি না- তা বুঝে ধার দিন। কারো কাছ থেকে বই ধার আনলে আপনিও বইয়ের ব্যাপারে যত্নশীল হোন।

বই পড়ার সময়

. পড়ার সময় অনেকে বইয়ের পাতায় কলম বা পেনসিল দিয়ে দাগ দেয়। নিজের বই না হলে এটি করা উচিত নয়। কেননা আরেকজন যখন এই বই পড়তে যাবে, তখন তার সমস্যা হতে পারে। অনেক বেশি প্রয়োজন না হলে এটি না করাই ভালো।

. অনেকে আবার বই পড়ার সময় থুতু ব্যবহার করে পাতা ওল্টান। এটি একদিকে যেমন অস্বাস্থ্যকর, অন্যদিকে বইয়ের পাতা নষ্ট হওয়ার জন্যও দায়ী।

. পড়ার সময় অনেকে বইয়ের প্রয়োজনে পাতা ভাঁজ করে রাখেন। এতে বইয়ের পাতায় স্থায়ী ভাঁজ পড়ে যায়। যা বইয়ের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে বুকমার্ক হিসেবে পালক, কাগজের টুকরো, রেশমের ফিতা বা শাটিনের কাপড় ব্যবহার করা যেতে পারে।

. বই পড়ার সময় অনেকে দ্রুত বইয়ের পাতা ওল্টান। এতে করে বইয়ের পাতা ছিঁড়ে যেতে পারে।

. সম্ভব হলে বই কেনার পরেই মলাট করে ফেলা উচিত। এতে দীর্ঘদিন বই ভালো থাকে। কোনোভাবেই পড়ার সময় বই মোড়ানো উচিত নয়। এতে কিছুদিন পরই বইয়ের মাঝের সেলাই খুলে যেতে পারে।

. অনেকে বই থেকে প্রয়োজনীয় দুয়েকটি পাতা ছিঁড়ে নেয়। এক্ষেত্রে খুব দরকার হলে ফটোকপি করে নেওয়া যেতে পারে।

. অনেকে খেতে খেতে বই পড়েন। এতে করে বইয়ে খাবারের অংশ বা পানি পড়ে যায়। তাই খাওয়ার সময় বই পড়া থেকে বিরত থাকতে হবে। যদি তা না করা যায়, তবে অত্যন্ত সাবধানতার সাথে খেতে হবে।

. পড়ার সময় বইয়ের ভেতর অনেকে ফুল, পাতা রেখে দেন। এতে করে পুরো পাতায় রঙ লেগে যেতে পারে।

বই সংরক্ষণে যা জরুরি

. যত্নসহকারে বই রাখতে প্রথমত দরকার একটি বইয়ের তাক। তাকটিতে কাঁচের দরজা থাকলে ভালো। এতে তাকের বইয়ে যেমন সহজে ময়লা লাগবে না তেমন, বাইরে থেকে বইগুলো দেখাও যায়। কাচের তাক না হলে সহজে পরিষ্কার করা যায় এমন তাক হলেও চলবে।

. বইয়ের তাক কখনো স্যাঁতসেঁতে ভিজে ঘরে কিংবা দরজা বা জানলার কাছ ঘেষে রাখা যাবে না। জানলার বা দরজার সাথে রাখলে বৃষ্টির পানি এসে বই নষ্ট করে ফেলতে পারে।

. তাকে বই রাখার সবচেয়ে ভালো উপায় হলো খাড়া করে রাখা। এজন্য বইয়ের খাড়া মাপ থেকে একটু লম্বা করে তাক কিনে বা বানিয়ে নিতে হবে।

. তাকে বই রাখার সময় কোনোভাবেই একটার উপর একটা বই রাখা যাবে না। খাড়া করে একটু জায়গা ফাঁকা রেখে বই রাখতে হবে।

. বই সাজানোর সময় বিষয় অনুসারে বই সাজানো ভালো। এতে করে প্রয়োজনের সময়ে সহজে বই খুঁজে পাওয়া যায়। প্রয়োজন হলে বিষয়ের নামে টুকরো কাগজ তাকে লাগিয়ে নিতে পারেন।

. অনেকসময় পোকা বই কাটে। এটি থেকে বাঁচতে কিছুদিন পরপর তাক থেকে সব বই নামিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়া ন্যাপথালিন কিংবা নিমপাতা বইয়ের কাছে রাখলে পোকা আসে না।

. দীর্ঘদিন বই না পড়লে বই নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত বই পড়ার অভ্যাসও আপনার বইয়ের যত্নের একটি অংশ।

উপহার হিসেবে পাওয়া বই কিংবা নিজে কেনা প্রিয় বইটি যত্নের অভাবে খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার বই ভালো রাখতে আপনি নিজে যত্নশীল হোন। অন্যকেও উৎসাহিত করুন।

ফরহাদুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

farhadrahman702@gmail.com

Share if you like

Filter By Topic