ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
জেলা সদরের কাচারীটেক মোহাম্মদপুর বাজার এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মৃত মো. আকাশের বাড়ি গাজীর জেলায়। তার বয়স ২০ বছর।
এ ঘটনায় তার বন্ধু ফিরোজকে (২৫) আটক করেছে পুলিশ। তার বাড়ি ফরিদপুর সদরে।
ওসি বলেন, “আকাশ তার বন্ধু শিমুল (২২) ও ফিরোজের সঙ্গে একই মোটরসাইকেলে করে ঢাকার নবীনগর থেকে ফরিদপুরে বেড়াতে আসে। এক পর্যায়ে মোবাইল ফোন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এর জেরে ফিরোজ কাচারীরটেক এলাকায় তার আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে আকাশের উপর হামলা করে। তারা আকাশের গলায় ছুরি ঢুকিয়ে দেয়।”
পরে শিমুল আকাশকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, রাতেই আকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে হত্যা মামলা নেওয়া হবে।
