মোংলায় কয়লাবোঝাই নৌযান ডুবে ৫ নাবিক নিখোঁজ


এফই অনলাইন ডেস্ক | Published: November 16, 2021 11:23:38 | Updated: November 17, 2021 20:37:57


ছবি: সংগৃহীত।

মোংলা বন্দরের পশুর নদে বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে কয়লাবোঝাই একটি নৌকা ডুবে পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পশুর নদের হারবাড়িয়া এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারা নিখোঁজ হন বলে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন জানান।

নিখোঁজদের সন্ধানে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদেশি জাহাজ এমভি এলিনাবি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কয়লা নিয়ে এসেছে। এলিনাবি থেকে এমভি ফারদিন-১ নামের একটি ছোট নৌযান কয়লা খালাস করে।

প্রায় সাড়ে তিনশ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ছোট নৌযানটি (বাল্কহেড) ডুবে যায়।

এতে অন্তত পাঁচজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে আমদানিকারকদের পক্ষ থেকে বলা হচ্ছে। মূল বন্দর চ্যানেলের বাইরে এটি ডুবেছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না।

ডুবে যাওয়া নৌযান ও নিখোঁজ নাবিকদের উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড কাজ করছে বলে তিনি জানান।

Share if you like