মেয়াদ শেষে নিজ ব্যাংকে পরিচালক হওয়া যাবে না


এফই ডেস্ক | Published: May 13, 2021 14:24:01 | Updated: May 13, 2021 17:52:39


বাংলাদেশ ব্যাংকের ফাইল ছবি — এফই

চাকরির মেয়াদ ফুরানোর পর কোনো কর্মকর্তা নিজের ব্যাংকে আর কখনোই পরিচালক হতে পারবেন না জানিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) জারি করা একটি প্রজ্ঞাপনে নতুন এই নির্দেশনা দেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাতে বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

এর ফলে অনিয়মের সুযোগ কমে আসবে বলে মনে করেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি বলেন, অনিয়মে জড়িত থাকা কোনো ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক যদি পরিচালক হয়ে ওঠেন, তবে সেটা ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে। নতুন নিয়মে সেটা সম্ভব হবে না।

বিআরপিডির মহাব্যবস্থাপক নজরুল ইমলাম বলেন, এর ফলে ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে আমরা মনে করি।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের কোনো সাবেক কর্মকর্তা অবসরে যাওয়ার বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর আগে একই ব্যাংকের উপদেষ্টা হতে পারবেন না।

আগের নিয়ম অনুযায়ী, ব্যাংকের প্রাক্তন পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য কর্মকর্তারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর পরই ওই ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক হতে পারতেন।

এই নিয়ম ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপক্ষতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে এবিবির সাবেক সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর মনে করেন।

সাবেক এসব শীর্ষ কর্মকর্তাদের কোনো অনিয়ম থাকলে পাঁচ বছর পর উপদেষ্টা হয়ে এলেও সেটা চাপা দিতে তাদের ক্ষমতা এবং সুযোগ দুটোই কমে আসবে।

বিআরপিডির মহাব্যবস্থাপক বলেন, কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতেই নতুন এই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে পরিচালনা পর্ষদের আগামী সভায় বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

Share if you like