মেজর হলেন পক্ষাঘাতগ্রস্ত কানিজ ফাতেমা


FE Team | Published: June 04, 2022 21:22:20 | Updated: June 05, 2022 14:06:53


ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেলেন পক্ষাঘাতগ্রস্ত কানিজ ফাতেমা।

শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে মেজর পদে উন্নীত করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

২০১১ সালে সেনাবাহিনীতে যোগ দেন কানিজ ফাতেমা। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ চলার সময় ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর দুর্ঘটনায় পড়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়ে বলা হয়, এ ঘটনার প্রেক্ষাপটে তার পক্ষে সেনাবাহিনীর কঠোর ও সুশৃঙ্খল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না।

কিন্তু এই অকুতোভয় নারী ভাগ্যের কাছে হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন।

পরবর্তীতে তিনি হুইল চেয়ারের সহায়তায় চলাফেরা করলেও নিজের অদম্য মানসিক শক্তি এবং সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে সকল বাধা উপেক্ষা করে ৬৯ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী।

তার ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে উল্লেখ করে অকুতোভয় এ নারীর প্রতি সেনাবাহিনীর এ সম্মাননা দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় অনুকরণীয় হয়ে থাকবে বলে জানায় আইএসপিআর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে ২০০০ সালে নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ প্রদান শুরু হয়।

তারই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ড প্রদান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসারদের নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

Share if you like