মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড


এফই অনলাইন ডেস্ক | Published: July 04, 2022 13:04:35 | Updated: July 04, 2022 19:17:08


মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনের একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে তাদের বিভিন্ন স্টেশনের মোট ১১ ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।

মেঘনা গ্রুপের ওই কারখানার নাম সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড। তিন তালা স্টিল ফেব্রিকেটেড যে ভবনে আগুনের সূত্রপাত হয়, তার বাইরে মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেড (অফসেট ইউনিট) লেখা দেখা গেছে। মেঘনা গ্রুপের নিজস্ব অগ্নি নির্বাপক দলও সেখানে কাজ করছিলেন।

মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ১০টার দিকেও ওই ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। তবে আগুন আশপাশের ভবনে ছড়াতে পারেনি। বেলা ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

Share if you like