Loading...

মুন্সীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়েছে ‘কোটি টাকার’ সম্পদ

| Updated: February 27, 2022 15:15:56


মুন্সীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়েছে ‘কোটি টাকার’ সম্পদ

মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি আসবাবপত্রের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, উপজেলার মিরকাদিম এলাকায় শনিবার রাত সাড়ে ১২টায় লাগা এ আগুনে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমলাঘাট নৌ ফায়ার স্টেশনের একটি এবং মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

ইউসুফ বলেন, “গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় জেলার অন্যতম বড় এই ফার্নিচার মার্কেটের দোকানগুলো একের পর এক পুড়ে যায়। আগুন লাগার খবরে ব্যবসায়ীরা ছুটাছুটি করে দোকানে গিয়েও মালামাল বের করতে আনতে পারেনি। ফার্নিচার ছাড়াও হার্ডওয়ার, কাগজের ঠোঙ্গাসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

“মার্কেটের পাশে রিকাবীবাজার খাল থেকে পানি দিয়েও আগুন থামাতে ফায়ার কর্মীদের হিমশিম খেতে হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, স্থানীয়ভাবে আগুন নেভানোর মত অবস্থাও ছিল না। মার্কেটের উত্তর পাশের খেলার মাঠ থেকে লোকজন দেখলেও তাপের কারণে সামনে যেতে পারছিল না।”

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা স্থানীয়দের বরাতে বলেন, “মার্কেটের পশ্চিম পাশে বটতলার বাঁশের গদি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেখানে রাতে মশা তাড়ানোর জন্য আগুন জ্বালানো হয়।”

স্থানীয় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে মার্কেটের ১৩টি দোকান সম্পূর্ণ এবং চারটি আংশিক পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দীক বলেন, “আগুনের ভয়াবহতা অনেক বেশি থাকায় নিয়ন্ত্রণে কিছুটা দেরি হয়েছে। এতে ক্ষতির পরিমাণও বেশি হয়েছে।”

Share if you like

Filter By Topic