মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহহত হয়েছেন অন্তত ৪ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
উপজেলার কেয়টখালী এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান।
নিহতরা হলেন- লোকমান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে লোকমান হোসের (৩০) ও শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের সামসুদ্দোহা সরকারের ছেলে শাহ-জালাল (৩৫)। তারা মোটর সাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, বিপরীতগামী দুটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান লোকমান। আর গুরুতর আহত অবস্থায় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান শাহ-জালাল।
আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ওসি আফজাল বলেন, লাশ উদ্ধার করে আপাতত হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।