বলা হয়, টেস্টে ব্যাটিংয়ের জন্য সেরা সময় দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। এই সময়েও বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ পরীক্ষা নিলেন নিল ওয়্যাগনার। ভাঙলেন সফরকারীদের উদ্বোধনী জুটি। তবে বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দিলেন মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন শান্ত। এতে অবশ্য ভাগ্যেরও একটু ছোঁয়া ছিল।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭০ রান। প্রথম সেশনে ৩২৮ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকদের চেয়ে তারা ২৫৮ রানে পিছিয়ে।
৯২ বলে তিন চারে ৩২ রানে খেলছেন মাহমুদুল। নিউ জিল্যান্ড এলবিডব্লিউর রিভিউ নিলে ২০ রানে ফিরতে হতো তাকে। তার সঙ্গে ৭৭ বলে ২৭ রানের জুটি গড়া শান্ত খেলছেন ১২ রানে। শূন্য রানে একটুর জন্য স্লিপে যায়নি তার ক্যাচ।
বে ওভালে রোববার প্রথম সেশনের ৩ ওভার কাটিয়ে দিয়ে লাঞ্চে যান সাদমান ইসলাম ও মাহমুদুল। দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় শেষ সেশনের প্রথম ঘণ্টাও নিরাপদে পার করে দেন এই দুই ওপেনার।
পানি পানের বিরতির পর প্রথম বলেই তাদের বিচ্ছিন্ন করেন নিল ওয়্যাগনার। আপাত সাদামাটা এক ডেলিভারিতে ফিরেন সাদমান। নিচু ফুলটস বলে ফ্লিক করতে গিয়ে আগেভাগেই শট খেলে ফেলেন বাঁহাতি ওপেনার। তাতে ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় বোলারের কাছে। সামনের দিকে ঝাঁপিয়ে চমৎকার ফিরতি ক্যাচ নেন ওয়্যাগনার। ভাাঙে ৪৩ রানের জুটি।
১ চারে ৫৫ বলে ২২ রান করে সাদমানের বিদায়ের পরপরই আরেকটি উইকেট হারাতে বসেছিল বাংলাদেশ। ওয়্যাগনারের সেই ওভারেই একটুর জন্য স্লিপে রস টেইলরের হাতে যায়নি শান্তর ক্যাচ।
ওয়্যাগনারের পরের ওভারে রিভিউ নিলে ফিরে যেতে হতো মাহমুদুলকে। মিডল স্টাম্পে পড়ে সোজা যাওয়া বলে ফ্লিক করার চেষ্টায় পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয়নি স্বাগতিকরা। বলে ব্যাটের স্পর্শ ছিল, বল ট্র্যাকিংয়ে দেখা গেছে বল লাগত মিডল স্টাম্পে। সে সময় ২০ রানে ছিলেন মাহমুদুল।
ফুল লেংথ বলে ফ্লিক করতে গিয়ে এর আগে-পরেও ভুগেছেন এই তরুণ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উন্নতি হয়েছে। ওয়্যাগনারকে ফ্লিক করে মেরেছেন চার।
শান্ত খেলছেন আস্থার সঙ্গে। ওয়্যাগনারের অস্বস্তিতে ফেলার মতো কিছু বাউন্সার সামাল দিয়ে মাহমুদুলের সঙ্গে গড়ে তুলছেন জুটি।
এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ড গুটিয়ে যায় ৩২৮ রানে। শেষ ৫ উইকেট তারা হারায় ৭০ রানে।
আগের দিন দুই উইকেট নেওয়া শরিফুল ইসলাম দিনের শুরুতে বিদায় করেন রাচিন রবীন্দ্রকে। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন কাইল জেমিসন, টিম সাউদি ও ওয়্যাগনারের উইকেট। ফিফটি করা হেনরি নিকোলসকে বিদায় করে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট নেন মুমিনুল হক। নিউ জিল্যান্ড গুটিয়ে যায় টেস্টে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রানে।
সংক্ষিপ্ত স্কোর: (চা-বিরতি পর্যন্ত)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১ ওভারে ৭০/১ (সাদমান ২২, মাহমুদুল ৩২*, শান্ত ১২*; সাউদি ১০-১-২৩-০, বোল্ট ৬-২-১৪-০, জেমিসন ৭-২-২১-০, ওয়্যাগনার ৭-৪-৯-১, রাচিন ১-০-১-০)
