Loading...

মালাই চায়ে ঢাকাই চুমুক

| Updated: May 10, 2022 18:01:53


মালাই চায়ে ঢাকাই চুমুক

কর্পোরেট স্যুট - ব্যুটের মিটিংয়ে দামী কাপে কিংবা রিকশা বেয়ে ক্লান্ত দেহে বিশ্রামের নামে রাস্তার পাশে লাল চা - এই বাঙালি জীবনে চা আসলে কোথায় এবং কিভাবে জড়িয়ে নেই তা খুঁজে পাওয়া একটু মুশকিল। চা এর ওম ছাড়া সকাল না হতে চাওয়া থেকে শুরু করে বিকেলের বন্ধুদের আড্ডায়; কিংবা এক রাতে সিলেবাস শেষ করা পরীক্ষার আগের রাতের সঙ্গী হওয়া থেকে শুরু করে প্রেমিকার সাথে ভালোবাসায় সোচ্চার দিনগুলোর সাক্ষী হিসেবে 'চা' এর বিকল্প চট করে মাথায় আসা কঠিন।

শীত বর্ষায় তো বটেই, মহাকাল সাক্ষী - ঠা ঠা গরমেও চা প্রেমীদের কাছে চায়ের চাহিদা কখনোই থেমে থাকেনি! তাই চা - প্রেমীদের জন্য রইল ঢাকার সেরা কয়েকটি মালাই চায়ের খোঁজ। আর খুব একটা চা - প্রেমী না হলেও এ জায়গাগুলোর মালাই চা খেলে চা-প্রেমী হতে বোধ হয় আর খুব একটা দেরি নেই!

ফার্মগেটের টঙঘর:



ফার্মগেটের টংঘর ছবি: সমীরণ মোদকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ভেতরে হলদে রঙের বাতি মনে করিয়ে দিচ্ছে সোডিয়ামের আলোর কথা। এক পাশ থেকে ভেসে আসছে চায়ের সুবাস। দেয়ালে সাজানো ট্রাক, ভ্যান, রিকশার ছোট ছোট প্রতিকৃতি। ঘর ভর্তি টেবিল চেয়ারে জায়গা তো হচ্ছেই না, বাইরেও বসানো হয়েছে টুল, চা - প্রেমীদের চাহিদা পূরণ করতে। ব্যস্ত নাগরিক সন্ধ্যা পাশ কাটিয়ে দোকানের সামনে সিঁড়িতে বসে গিটারে টুংটাং আর গলায় গলা মেলাচ্ছে একঝাঁক তরুণ - তরুণী।

বলছিলাম ফার্মগেট গ্রীন রোডের চায়ের দোকান 'টং ঘর' এর কথা। যেখানে প্রাপ্য শতাধিক ধরনের চায়ের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে মালাই চা। প্রতিদিন শত শত অর্ডারের মধ্যেও জনপ্রিয়তার তুঙ্গে ২০ টাকা মূল্যের তাদের এই বিশেষ মালাই চা। মাটির কাপে বিশেষ ভাবে পরিবেশিত এ চায়ের স্বাদ ভোলা কঠিন বলে দাবি করে ক্রেতা বিক্রেতা উভয়েই। শুধু স্বাদ নয় - বন্ধু, আড্ডা, গান - সব মিলিয়ে দোকানটিতে যেন ভিড় লেগেই থাকে।

ইসমাইল ডেইরি ফার্মের মালাই চা:

ইসমাইল ডেইরী ফার্মের মালাই চা ছবি: জোড়া ঘুড়ি

ধানমন্ডি লেকের বিপরীত দিকে ইসমাইল ডেইরী ফার্মের দোকানের মালাই চা। ভেজাল, ভেজাল এবং ভেজালের এই নগরীতে ভেজাল ছাড়া রোজকার চা - টাও পাওয়া কঠিন। ঢাকার আনাচে কানাচে আকাশ কুসুম নাম দিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর চা। কিন্তু এতসবের মাঝে ভেজালমুক্ত মানসম্মত মালাই চা খুঁজে পাবেন এই দোকানে। দোকানের খালি জায়গাটায় বসেও ২০ টাকার বিনিময়ে প্রিয় মালাই চা উপভোগ করতে পারবেন এখানে।

টিএসসি ও বিশ্ববিদ্যালয় এলাকার মালাই চা:

টিএসসির একটি মালাই চায়ের দোকান

"এই চায়ের দোকানগুলোতে এত বেশি বৈচিত্র্যের, বৈচিত্র্যময় মানুষের দেখা পাই আসলে; সত্যি বলতে, লোক দেখানো বাহ্যিক বিষয় গুলো বয়ে নিয়ে চলতে হয় না, আমি থাকতে পারি আমারই মতো"- বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া তাসরিক। পছন্দের মালাই চা পেয়ে যান ঢাবির টিএসসি এলাকা আর শহীদ মিনার সংলগ্ন চায়ের দোকানগুলোতে। সুনাম ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাড়াও বাইরে থেকে এখানে অনেক আসে শুধুমাত্র চা খেতে এবং আড্ডায় যুক্ত হতে। এখানে ৪০ - এর অধিক ধরনের চায়ের মধ্যেও জনপ্রিয়তা বেড়ে চলেছে মালাই চায়ের।

বাদশা মামার দোকান:

বাদশা মামার মালাই চা/বাদাম মালাই চা

উত্তরায় সাফল্যের পর শাখা খুলেছেন ঢাকার ৩০০ ফিট এলাকায়ও। উপকরণে যেন কিছুই বাদ রাখেনি এই দোকানটি। কফি, গুড়া দুধ, মসলা, মালাইসহ বিভিন্ন বৈচিত্র্য তারা যোগ করেন কাপে কাপে। সাত আইটেম দিয়ে তৈরি করেন কাজু বাদাম চা। আর দারুচিনি, তেজপাতা, কন্ডেন্সমিল্ক, হরলিক্সসহ নানা উপাদান লিকারে মেশিন দিয়ে বিট করে তৈরি করা হয় এই স্পেশাল মালাই চা। আর সকাল থেকে শুরু করা জ্বাল এর উপর রাখা দুধের মালাই তো রয়েছেই এই চায়ের স্বাদের টার্নিং পয়েন্ট হিসেবে।

সেলিম মামার চায়ের দোকান:

বেশ পুরোনো চায়ের দোকানের লিস্টে প্রথম সারিতেই থাকবে সেলিম মামার এ চায়ের দোকান। দোকানের সামনে বেশ লম্বা চায়ের লিস্ট রয়েছে টানানো। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু মালাই চা। জ্বাল করা দুধে বেশ ভালো পরিমাণ সর মেশানো। ঘন সর পড়া থাকায়, 'ল্যাকটোজ ইনটোলেরেন্স' থাকলে এ চা না খাওয়াই ভালো। চমৎকার মালাই চায়ের এ দোকানটি পেয়ে যাবেন মিরপুর ৬ এ।

এছাড়া এই চা নিয়ে গল্পে শিক্ষার্থী মোহাম্মদ আল মুকিত বলেন, "ঢাকার বিভিন্ন জায়গায় হরেক রকমের চায়ের মধ্যে পছন্দ কাটাবন রোডের মামা হোটেলের কাছের চায়ের দোকানগুলোর আর পলাশীর চা। এই চায়ের বিশেষত্ব হলো চা খুব ঘন হয় এবং দুধ-চিনির পরিমাণ যথাযথ। দামও কম। পলাশীর চা স্টলের দেওয়ানী খাস চা, মাসালা চা, জাফরানী চা, মালাই চা এর মধ্যে মালাই চা টাই সবচেয়ে বেশি ভালোলাগার। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বিকেলবেলায় বন্ধুদের সাথে সেখানে আড্ডায় দিনের সমস্ত ক্লান্তি, অবসাদ যেন শেষ হয়ে যায়।"

নিজের অভিজ্ঞতা থেকে তিনি আরও যোগ করেন, "দুঃখের বিষয় বাদ বাকি ঠিক থাকলেও রাস্তার পাশের কিছু চায়ের দোকানে বসার ভালো পরিবেশ নেই। আর মানের অবনতি, আশেপাশের ছড়ানো ছিটানো ময়লা, নোংরা পরিবেশের মতো সমস্যাগুলো তো আছেই।"

ফারিয়া ফাতিমা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত।

fariasneho@gmail.com

Share if you like

Filter By Topic