Loading...

মানবিক করিডোরে যুদ্ধবিরতি পুরোপুরি মানা হচ্ছে না: ইউক্রেইন

| Updated: March 06, 2022 10:33:22


শহর ছাড়ার জন্য নিজেদের ব্যক্তিগত গাড়িতে বসে অপেক্ষা করছেন মারিওপোলের একজন বাসিন্দা। ফাইল ছবি: রয়টার্স শহর ছাড়ার জন্য নিজেদের ব্যক্তিগত গাড়িতে বসে অপেক্ষা করছেন মারিওপোলের একজন বাসিন্দা। ফাইল ছবি: রয়টার্স

মারিওপোল ও ভলনোবাখারের বেসামরিক বাসিন্দাদের শহরটি দুটি ছেড়ে যাওয়ার সুযোগ দিতে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যে অস্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে মারিওপোলের নগর কাউন্সিল।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় কাউন্সিল বলেছে, যেখানে মানবিক করিডোর শেষ হয়েছে সেই জাপোরিজিয়া অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। ওই পুরো মানবিক করিডোরটিতে যেন অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা হয় তা নিয়ে রাশিয়ার অংশের সঙ্গে দেনদরবার করছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।

এদিকে মারিওপোল শহরে এখনও গোলাবর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নগরীর ডেপুটি মেয়র সেরহি ওরলভ।

বিবিসিকে তিনি বলেন, “রুশরা আমাদের ওপর বোমা ফেলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এটা পাগলামি। মারিওপোলে যুদ্ধবিরতি হচ্ছে না এবং মানবিক করিডোর বরাবরও যুদ্ধবিরতি মানা হচ্ছে না।

“আমাদের বেসামরিকরা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু গোলাবর্ষণের কারণে তারা যেতে পারছে না।”

গত কয়েকদিন ধরে রাশিয়ার সেনারা ইউক্রেইনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মারিওপোল অবরোধ করে রেখেছে। শহরটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো শহরের ঘর উষ্ণ রাখার ব্যবস্থা, পানি সরবরাহ ও যোগাযোগ বন্ধ হয়ে আছে। পেট্রল পাম্পগুলোতে কোনো জ্বালানি নেই।

টানা তীব্র গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া শহরটির প্রায় সাড়ে চার লাখ মানুষ অমানবিক পরিস্থিতির পাশাপাশি প্রচণ্ড আতঙ্কে আছে।

অবরুদ্ধ শহরটির বেসামরিক বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন মারিওপোলের মেয়র ভাদিম বইচেঙ্কো।

দুই পক্ষের মধ্যে মধ্যে রাতভর আলোচনার পর বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ দিতে শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি ও একটি নিরাপদ মানবিক করিডোরের বিষয়ে রাজি হয়েছিল রাশিয়ার বাহিনী।

ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে সর্বোচ্চ ৯ হাজার বেসামরিক বাসিন্দা মারিওপোল ছাড়তে পারবে বলে ওরলভ এর আগে আশা প্রকাশ করেছিলেন।

 

Share if you like

Filter By Topic